মোঃ বেল্লাল হোসাইন নাঈম, নোয়াখালী সংবাদদাতা :
নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের সানোখালি গ্রামে কাজী নাছিরুল আলমের মৎস্য খামারে বিষ প্রয়োগ করে প্রায় ২২ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভুক্তভোগী কাজী নাছিরুল আলম বাদী হয়ে সোমবার বিকেলে একই বাড়ির চারজনের বিরুদ্ধে চাটখিল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, কাজী নাছিরুল আলমের সঙ্গে একই বাড়ির কাজী রাজুদের দীর্ঘদিন ধরে সম্পত্তি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এই বিরোধের জের ধরে প্রতিপক্ষ তার ক্ষতি সাধনের উদ্দেশ্যে বিভিন্নভাবে হয়রানি করে আসছে বলে অভিযোগ করেন তিনি।
এরই ধারাবাহিকতায় গত শনিবার গভীর রাতে অভিযুক্ত কাজী রাজু (৩৫), কাজী মহসিন (২৮), কাজী শাহজাহান (৬০) ও ফারজানা ইয়াসমিন (৩৬) তার মৎস্য খামারে বিষ প্রয়োগ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। খামারের পাহারাদার মোঃ আনোয়ার হোসেন জানান, ঘটনার রাতে তিনি অভিযুক্তদের খামারের আশপাশে ঘোরাফেরা করতে দেখেছেন।
ভুক্তভোগী কাজী নাছিরুল আলম বলেন, “আমার মৎস্য খামারের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে প্রায় ২২ লাখ টাকার মাছ মারা গেছে। এছাড়া আমার গরুর খামার ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়েও আমি শঙ্কিত।” তিনি অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”


















