ইমাম হাসান সোহান, ভ্রাম্যমাণ সংবাদদাতা:
টাঙ্গাইলে সাংবাদিকদের সংগঠন প্রিন্ট মিডিয়া এসোসিয়েশন, টাঙ্গাইল-এর নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ এপ্রিল) সকাল ১১টায় শহরের জেলা সদর রোডের বটতলায় অবস্থিত প্রিমিও প্লাজায় এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির। তিনি আনুষ্ঠানিকভাবে কার্যালয়ের উদ্বোধন ঘোষণা করেন।
প্রিন্ট মিডিয়া এসোসিয়েশন, টাঙ্গাইল-এর সভাপতি মু. জোবায়েদ মল্লিক বুলবুল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোসা. লায়লা আঞ্জুমান বানু, অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম এবং সত্তরের দশকের অন্যতম কবি মাহমুদ কামাল।
সংগঠনের সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল-এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে টাঙ্গাইল জেলার বর্ষীয়ান সাংবাদিকবৃন্দ ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে আগত তরুণ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির বলেন,“বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আপনারা সবসময় সচেষ্ট থাকবেন। প্রিন্ট মিডিয়া এসোসিয়েশনের জন্য আমার সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে। আমি সবসময় সাংবাদিকদের মূল্যায়ন করি। আপনাদের পরামর্শ ও সম্মিলিত প্রচেষ্টায় টাঙ্গাইলকে একটি সুন্দর, বাসযোগ্য ও নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে চাই। আজ এই শুভক্ষণে আমি প্রিন্ট মিডিয়া এসোসিয়েশনের কার্যালয়ের শুভ উদ্বোধন ঘোষণা করছি।”
নতুন এই কার্যালয় সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।


















