ইমাম হাসান সোহান, ভ্রাম্যমাণ সংবাদদাতা :
তৎকালীন ব্রিটিশ ভারতের বঙ্গীয় কৃষি, শিল্প ও শিক্ষা বিষয়ক মন্ত্রী, প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা ও অন্যতম প্রতিষ্ঠাতা নবাব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরী (সি.আই.ই.)-এর ৯৭তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
এ উপলক্ষে ১৭ এপ্রিল শুক্রবার সকাল ১০টায় টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজের মিলনায়তনে আলোচনা সভা, সম্মাননা প্রদান, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও নওয়াব আলী চৌধুরী গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যক্ষ এম. আজিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গবেষণা ইনস্টিটিউটের সদস্য সচিব মোঃ আব্দুল বারী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের সহকারী অধ্যাপক (ইংরেজি) মোঃ মোনিরুল ইসলাম খান এবং সহকারী অধ্যাপক (রাষ্ট্রবিজ্ঞান) মোঃ মেহেরুল কবীর।
আলোচনা সভায় বক্তারা নবাব আলী চৌধুরীর শিক্ষা, কৃষি ও সমাজ উন্নয়নে অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পরে গুণীজনদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং তাঁর রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


















