মোঃ মনির মন্ডল,সাভার সংবাদদাতা :
সাভার পৌর এলাকার ব্যাংক কলোনীতে গ্যারেজ মিস্ত্রি শাহীন হত্যাকাণ্ডের প্রধান আসামি মেহেদী হাসানকে গাজীপুর থেকে অস্ত্রসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২২ মে) রাতে সাভার মডেল থানা পুলিশ ও ডিবির যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গত ১৯ মে রাত ৯টা ২৫ মিনিটে ব্যাংক কলোনী মহল্লায় সাবেক এমপি ডা. সালাউদ্দিন বাবুর বাড়ির অদূরে এক গ্যারেজের সামনে গুলিবিদ্ধ হয়ে শাহীন নিহত হন।
ঘটনার পরপর সিসিটিভি ফুটেজে দেখা যায়, সাদা গেঞ্জি পরা এক ব্যক্তি ঘটনাস্থল থেকে হেঁটে পালিয়ে যাচ্ছেন। পুলিশের তদন্তে উঠে আসে, ওই ব্যক্তি মেহেদী হাসান। যিনি হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারী।
গাজীপুরে অভিযান চালিয়ে মেহেদীকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে।
একটি সূত্র দাবি করেছে, গ্যারেজ মালিক বরুণ একজন মাদকাসক্ত। গ্যারেজে নিয়মিত জুয়ার আসর বসে। মেহেদী ওই রাতে গ্যারেজে মদ্যপান করে এবং জুয়ার আসরে বসেন। গ্যারেজ কর্মী শাহীনকে নেশা জাতীয় কিছু একটা আনতে বললে সে রাজি হয়নি । এ নিয়ে ক্ষুব্ধ হন মেহেদী। মধ্যপ অবস্থায় মেহেদী তাকে গুলি করে হত্যা করে। পরে তিনি গাজীপুরে পালিয়ে যান। গাজীপুরে তার এক ভাইয়ের বাসায়।
পুলিশ জানিয়েছে, মেহেদীর বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে।মেহেদীর কাছে লাইসেন্স করা অস্ত্র ছাড়াও অবৈধ রয়েছে । তার সমন্ধির অস্ত্রের ব্যবসা রয়েছে ঢাকার পুরানো পণ্টনে। প্রথম স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয় বিয়ে করে পরিবার নিয়ে ছায়াবীথি এলাকায় থাকতেন তিনি।
তার বাবার নাম নাসির উদ্দিন। তাদের পূর্বের বাড়ি সাভার পৌর এলাকার উত্তরপাড়া মহল্লায়। বাংলা চলচ্চিত্রের খলনায়ক ডিপজলের হাত ধরে মেহেদী একাধিক চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন।


















