মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা :
কুড়িগ্রামে সাড়ে দশ কোটি টাকার দুধকুমার নদের ডান তীর রক্ষা বাঁধ নির্মাণ কাজ শেষ না হতেই বৃষ্টির পানিতেই ধ্বসে গেছে এই বাঁধ। বন্যার আগেই বাঁধে ধ্বস দেখা দেওয়ায় স্থানীয়দের মাঝে বিরাজ করছে চরম আতঙ্ক।
জানা গেছে, পানি সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২১ সালের ১০ আগস্ট একনকের বৈঠকে ‘কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে প্রবাহিত দুধকুমার নদী ব্যবস্থাপনা ও উন্নয়ন’ শিরোনামে একটি প্রকল্প গ্রহণ করা হয়। ৬শ ৯২ কোটি ৬৮ লাখ টাকা ব্যয় সাপেক্ষে প্রকল্পটি কুড়িগ্রাম পাউবোর তত্ত্বাবধানে প্যাকেজ আকারে বাস্তবায়িত হচ্ছে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানায়, দুধকুমার নদীর ডান তীর রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ১০ কোটি ৪২ লাখ ৫৫ হাজার ৭৩৩ টাকা ব্যয়ে ১৪ নং প্যাকেজের আওতায় চর ভুরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর এলাকায় ৫০০ মিটার বাঁধ নির্মাণের জন্য কাজ পান টিআই-পিভিএল-জেডআই জেভি নামের ঠিকাদারি প্রতিষ্ঠান।
দেখাগেছে, উপজেলার চর ভুরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর মৌজার দুধকুমার নদের ডান-তীর রক্ষায় ৫০০ মিটার বাঁধের নির্মাণ কাজ প্রায় শেষ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এরই মধ্যে কয়েকদিনের বৃষ্টির পানিতে বাঁধের কিছু অংশ ধ্বসে পড়েছে। সিসি ব্লক গুলো এলোমেলো ভাবে পড়ে আছে।
স্থানীয়দের অভিযোগ, দুর্বল মনিটরিং ব্যবস্থাপনা এবং যথাযথ ডাম্পিং না করে সিসি ব্লক বসানো হয়েছে। ফলে বৃষ্টির পানিতেই বাঁধে ধস দেখা দিয়েছে।
পানি উন্নয়ন বোর্ড জানায়, প্রকল্পের কাজ চলমান থাকায় ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে তারা এখনো কাজ বুঝে পাননি। তবে কাজের অনিয়ম হলে সেটির দায়ভার সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকল্প ব্যবস্থাপক আরিফুল ইসলাম কাজের অনিয়মের কথা অস্বীকার করে বলেন, প্রকল্পের কাজ চলমান থাকায় এর ক্ষতি ঠিকাদারি প্রতিষ্ঠানের। তিনি বলেন, এলাকার পানি নিষ্কাশনের জন্য কোন ইউ ড্রেন না থাকায় বৃষ্টির পানি নীচে সুরঙ্গ হয়ে ঢুকে যাওয়ায় বাঁধের কিছু অংশে ধ্বস দেখা দিয়েছে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাফিয়া আখতার জানান,এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে কথা হয়েছে। বাঁধের ধসে যাওয়া অংশের কাজ পুনরায় করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।


















