নিজস্ব সংবাদদাতা :
যশোরের শার্শায় ১০ টাকায় লোভ দেখিয়ে ৭ বছর বয়সী এক শিশুকে টানা চারদিন ধর্ষণের অভিযোগ উঠেছে সিরাজুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির মা মঙ্গলবার (২০ মে) বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেছেন।
অভিযুক্ত সিরাজুল ইসলাম উপজেলার বাগআঁচড়া উজ্জ্বলপাড়া গ্রামের বসির উদ্দীনের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী।
শিশুটির মা জানান, অভিযুক্ত সিরাজুল ইসলামের বাড়ির পাশে তাদের বাড়ি। তার স্বামী পেশায় একজন ভ্যান চালক’ এবং তিনি অন্যের বাড়িতে গৃহকর্মীর কাজ করেন। তারা স্বামী-স্ত্রী দুজনে সকালে বাড়ি থেকে কাজের জন্য বের হয়ে যায়, বাড়িতে কেউ না থাকার সুযোগে ও অভিযুক্ত সিরাজুলের স্ত্রী গত এক সপ্তাহ আত্মীয়ের বাড়িতে অবস্থান করায় প্রায় ৪ দিন তার মেয়েকে নিজের ঘরে ডেকে নিয়ে ১০ টাকার লোভ দেখিয়ে ধর্ষণ করেছেন। গত শুক্রবার দুপুরে অভিযুক্ত সিরাজুল শিশুটিকে আবারও নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন।
এ সময় তার ৫ বছর বয়সী ছোট মেয়ে দেখে ফেলে। পরের দিন শনিবার ছোট মেয়ে মা’কে বলে “মা” আপার সাথে সিরাজুল দাদা অসভ্যতা করেছে।
পরে ভুক্তভোগী ওই শিশু মেয়েকে জিজ্ঞাসা করলে জানায় সিরাজুল তাকে ১০ টাকা করে দিয়ে ৩/৪ দিন ধর্ষণ করেছে। পরে বিষয়টি তিনি ও তার স্বামী স্থানীয় মোড়লদের জানিয়ে কোন প্রতিকার না পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় থানায় গিয়ে সিরাজুলের বিরুদ্ধে এজাহার দায়ের করেন। এ সময় তিনি ধর্ষক সিরাজুলের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম. রবিউল ইসলাম জানান, এবিষয়ে ভিকটিমের মা বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেছেন, এবং অভিযুক্ত সিরাজুলকে আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।


















