ইয়াহিয়া খান, ভ্রাম্যমান সংবাদদাতা :
পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিরাজগঞ্জের শাহজাদপুরে দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে কৃষক নজরুল ইসলাম (৫০) নিহত হয়েছে। এ ঘটনায় ১০ জন আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে। তাৎক্ষণিক ভাবে আহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।
মঙ্গলবার (২০ মে) সকাল ৯টার দিকে উপজেলার রূপবাটি ইউনিনের কুলিয়ারচর ও বাগধুনাইল গ্রামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম রূপবাটি ইউনিয়নের বাগধুনাইল গ্রামের মৃত সেরাজুল ইসলামের ছেলে।
পুলিশ ও এলাকাবাসি জানায়, পূর্ববিরোধ, গত রোজার ঈদে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্ব ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার রূপবাটি ইউনিয়নের কুলিয়ারচর ও বাগধুনাইল গ্রামবাসির মধ্যে দীর্ঘদিন ধরে সংঘর্ষ চলে আসছিল। এরই জের ধরে সোমবার সকালে বাগধুনাইলের কয়েকজন কৃষক কুলিয়ারচর গ্রামে ধান কাটতে যায়। এ সময় দুই পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এর জেরে মঙ্গলবার সকাল ৯টার দিকে আবারও দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের ফালার আঘাতে কৃষক নজরুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় আহত আরও ১০জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনাকে কেন্দ্র করে কুলিয়ারচর গ্রামে প্রতিপক্ষের লোকজন ব্যাপক বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে।
এ বিষয়ে বাগধুনাইল গ্রামের নেতৃত্বদাকারী তাইজুল ইসলাম বলেন, গতকাল সোমবার সকালে বাগধুনাইল গ্রামের কয়েকজন কৃষক কুলিয়ারচর গ্রামের মাঠে ধান কাটতে যায়। এ সময় উভয়পক্ষের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে মঙ্গলবার সকাল ৯টার দিকে কৃষক নজরুল কুলিয়ারচর গ্রামে রাস্তা দিয়ে যাওয়ার সময় কুলিয়ারচর গ্রামবাসি তার বুকে ফালাবিদ্ধ করে ও মাথায় আঘাত করে। ফলে সে ঘটনাস্থলেই মারা যায়। তিনি দাবী করেন এ হত্যার পর কুলিয়ারচর গ্রামবাসি ও তাদের আশপাশ গ্রামের আত্নীয় স্বজন তাদের বাড়িঘরের মালামাল ও গরু ছাগল সরিয়ে নিচ্ছে।
এ বিষয়ে কুলিয়ারচর গ্রামবাসি বক্তব্য জানতে চেষ্টা করেও কারও বক্তব্য পাওয়া যায়নি। তবে মালামাল সরিয়ে নেওয়ার কাজে নিয়োজিত কয়েকজন পুরুষ ও মহিলা নাম প্রকাশ না করে বলেন, লুটপাট এড়াতে আমাদের আত্নীয় স্বজনের জিনিসপত্র সরিয়ে নিচ্ছি।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষ সংঘটিত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।


















