মোঃ ইব্রাহিম খলিল, সাতক্ষীরা সংবাদদাতা :
ভূমিদস্যু কর্তৃক হুমকির প্রেক্ষিতে জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল গ্রামের খগেন্দ্র নাথ সরকারের ছেলে অশোক কুমার সরকার।
সোমবার ১২ মে দুপুর ২.২০ মিনিট সময় সাতক্ষীরা অপরাধ উন্মোচন ক্লাব এর হল রুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগী অশোক কুমার সরকার তার লিখিত বক্তব্যে বলেন, কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল মৌজায় আর এস ৬৩১, ৫২৩, ৪০২, ৬৭১, ৬৬৯, ২৯৬ নং খতিয়ানে মোট ৪.৫৬ শতক জমি পৈত্রিক সুত্রে প্রাপ্ত হয়ে আমি এবং আমার ভাই সহ পরিবারের সদস্যারা দীর্ঘদিন যাবত ভোগদখল করে আসছি। ইতিপূর্বে কখনো কোন সমস্যার সম্মুখীন হয়নি।
কিন্ত ৫ আগষ্টে ছাত্র অভ্যুত্থানে আ.লীগ সরকার পতনের পর কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল গ্রামের প্রয়াত জব্বার আলীর পুত্র শেখ আব্দুর রউফ সহ কতিপয় ব্যক্তি আমাদের পৈত্রিক সম্পত্তিতে অনধিকার প্রবেশ করে আমাদের মৎস্য ঘেরে অবৈধভাবে নেট পাটা দিয়ে দখলে নেওয়ার চেষ্টা করার পাশাপাশি রীতিমতো তারা মাছ ধরার পায়তারা চালায়। একপর্যায় তারা ব্যর্থ হয়ে জমিতে থাকা বিভিন্ন প্রজাতির গাছ গাছালি কেটে নিয়ে যায়। ঐ সময় আমারা বাঁধা দিতে গেলে আমাদের খুন জখম সহ বিভিন্ন প্রকার হুমকি ধামকি প্রদান করে।
এঘটনায় ভুক্তভোগী অশোক কুমার সরকার থানায় লিখিত অভিযোগ দায়ের করেও কোন প্রতিকার পায়নি বলে দাবি করেন। অপরদিকে ভূমিদস্যু আব্দুর রউফ এলাকায় বিএনপির বড় নেতা পরিচয় দিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করার পাশাপাশি আমাদের পৈত্রিক সম্পত্তি দখলে নেওয়ার চেষ্টা অব্যাহত রেখেছে।
ভুক্তভোগী অশোক কুমার সরকার বলেন, আমি একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। আব্দুর রউফ ইতিপূর্বে উদ্দেশ্য প্রণোদিত ভাবে চাম্পাফুল ইউনিয়ন পরিষদে আমাদেরকে বিবাদী বানিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করে। কাগজপত্র পর্যালোচনা করে ইউনিয়ন পরিষদ থেকে আমাদের পক্ষে রায় দিলে আরও বেপরোয়া হয়ে ওঠে আব্দুর রউফ। অথচ উক্ত তফশিল বর্ণিত সম্পত্তিতে আব্দুর রউফ গংয়ের কোন স্বত্ত্ব নেই এমনকি তারা আমাদের কোন সম্পত্তি ক্রয়ও করেনি। শুধুমাত্র ৫ আগষ্টের পর আব্দুর রউফ বিএনপি নেতা পরিচয় দিয়ে আমাদের মত নিরীহ সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখলের চেষ্টা চালাচ্ছে।
অথচ আব্দুর রউফ বিএনপির রাজনীতির সাথে কোন ভাবেই জড়িত ছিল না। বর্তমানে আব্দুর রউফ এর কোন দলীয় পদ পদবি নেই। ভুক্তভোগী অশোক কুমার সরকার তার লিখিত বক্তব্যে আরও বলেন, বর্তমান সরকার ধর্মীয় সংখ্যালঘুদের সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে।
সেখানে কিভাবে আব্দুর রউফ সংখ্যালঘুদের উপর অন্যায় অত্যাচার আর নিপীড়ন চালাচ্ছে তা আমাদের জানা নেই। আব্দুর রউফ প্রকাশ্যে আমাদের সম্পত্তি ছাড়া করার হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছে। বর্তমানে আমরা শেখ আব্দুর রউফ গংয়ের হুমকিতে দিশেহারা হয়ে পড়েছি।
এমতাবস্থায় ভুক্তভোগী অশোক কুমার সরকার পৈত্রিক সম্পত্তি রক্ষা ও নিজেদের জীবনের নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।


















