মোবাশ্বের নেছারী,কুড়িগ্রাম সংবাদদাতা :
কুড়িগ্রামে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে মোবাইলে ভিডিও রেকর্ড চালু রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সুরজিৎ মণ্ডল নামের এক মিষ্টি ব্যবসায়ী।
আজ বুধবার (০৫ মার্চ) সকালে জেলার নাগেশ্বরী উপজেলার কচাকাটা বাজারের মিষ্টির দোকান থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
সুরজিৎ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সমাধি নগর ইউনিয়নের হাবাসপুর আগপোটরা গ্রামের গোবিন্দ মণ্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা বাসস্টান্ডে ‘অর্পিতা সুইটস’ নামের একটি দোকান পরিচালনা করতেন।
সুরজিৎ মন্ডল আত্মহত্যার পুর্বে চিরকুটও লিখে যান। সেখানে লেখা রয়েছে, ‘হে কচাকাটা বাসিন্দাবৃন্দ ওরা বুঝি আমাকে এখানে ব্যবসা করতে দেবে না। ওরা এতদিন পর্দা দিল তাতে কোনো দোষ নাই। কিন্তু এখন আমার দোকানের সামনেই আমার টেবিল ও সাইনবোর্ড পর্দা রাখতে দিতে দেয় না। বিভিন্ন কারণে অনেক হয়রানী ও হতে হয়।
এলাকাবাসি জানান, সুরজিৎ দীর্ঘদিন ধরে স্থানীয় মিলন মিয়ার ঘর ভাড়া নিয়ে মিষ্টির ব্যবসা করতেন। কয়েক মাস আগে ওই ঘর ছেড়ে দিয়ে পাশের একটি ঘর ভাড়া নিয়ে মিষ্টি তৈরির কারখানা বসান। সেই কারখানার সামনের রাস্তায় টেবিল চেয়ার বসিয়ে মিষ্টি বিক্রি করতেন।
এ বিষয় কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, ‘আত্মহত্যাকারী ব্যবসায়ীর ভিডিও বার্তা ও চিরকুট উদ্ধার করা হয়েছে। তদন্তের পর তার আত্মহত্যার মূল কারণ জানা যাবে।


















