সাত্তার আব্বাসী, ভ্রাম্যমাণ সংবাদদাতা :
সিরাজগঞ্জের ডিবি পুলিশের অভিযানে আন্ত:জেলা ডাকাত কুখ্যাত ডাকাত সর্দারকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় একটি পিস্তল, ৭ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, দুইটি মোটরসাইকেল ও একটি টিভি উদ্ধার করা হয়। গ্রেপ্তার মাহবুব খান (৩২) কামারখন্দ উপজেলার বাগবাড়ি লাহিড়ী বাড়ির মৃত চান খানের ছেলে।
গতকাল শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সলঙ্গার পাঁচলিয়া বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
সিরাজগঞ্জ ডিবি পুলিশের ওসি একরামুল হোসাইন জানান, ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আন্ত:জেলা ডাকাত সর্দার মাহবুব খানকে গ্রেপ্তার করে।
এসময় তাঁর কাছ থেকে একটি পিস্তল, ৭ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সলঙ্গা এলাকার একটি বাড়িতে সম্প্রতি ডাকাতি করা একটি ৪৬ ইঞ্চি একটি টিভি মাহবুবের নিজ বাড়ি থেকে এবং সলঙ্গা এলাকার একটি দোকান থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এ ঘটনায় ডিবির এস,আই রুবেল মিয়া বাদী হয়ে সলঙ্গা থানায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার মাহবুব খানের বিরুদ্ধে সিরাজগঞ্জসহ বিভিন্ন থানায় ২০-২৫ টি ডাকাতির মামলার বিচার চলমান।


















