বাংলা ভয়েস ডেস্ক :
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক নারী ও যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরকীয়ার বিষয়টি জানাজানি হয়ে যাওয়া ভয়ে তারা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
উপজেলার রহনপুর পৌর এলাকার খয়রাবাদ গ্রামের প্রবাসী শান মোহাম্মদ সনুর বাড়ি থেকে গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।
মৃতরা হলেন, মালয়েশিয়া প্রবাসী শান মোহাম্মদ সনুর স্ত্রী টুসি বেগম (২৪) এবং অপরজন শিবগঞ্জ উপজেলার দায়পুখুরিয়া ইউনিয়নের আড়গাড়াহাট গ্রামের আব্দুর রাকিবের (২৮)।
এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল বাশার বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে শান মোহাম্মদ সনুর শয়ন কক্ষের দরজা ভেঙে পুলিশ টুসি ও রাকিবের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পাশাপাশি দুইটি দড়িতে তাদের মরদেহ ঝুলছিল। পরে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।
ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরকীয়ার জেরে এবং বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হয়ে যাওয়ায় দুই সন্তানের তারা ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। যে ঘর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে সে ঘরে টুসির দুই শিশু সন্তান ঘুমন্ত অবস্থায় ছিলেন।
















