বাংলা ভয়েস ডেস্ক :
রাজধানীর কদমতলীর একটি বাসায় বোমা বিস্ফোরণে নুর ইসলাম (৮) নামে এক শিশুর কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। কুড়িয়ে পাওয়া বোমাটি শনির আখড়া এলাকার জাপানি বাজার ৪ নম্বর রোডের ওই বাসায় আনার পর বিস্ফোরিত হয় বলে জানা যায়।
আজ রোববার (২ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
আহত শিশুর মা বিউটি বেগম জানান, ‘আমার স্বামী রিকশা চালায় এবং আমি বাসা-বাড়িতে কাজ করি। বিকেল ৪টার দিকে আমার ছেলে বাইরে বরই পাড়তে গিয়ে বোমা সদৃশ একটি বস্তু পায়। তখন আমি বসে বাসায় টিভি দেখছিলাম।
তিনি জানান, ‘আমরা সেটা দেখে বুঝতে পারিনি এটা কোনো বোমা। পরে আমার ছেলে ওই বস্তুটিকে বালতির ভেতর পানি দিয়ে ভিজিয়ে রেখে একটি পিন টান দিলেই বিস্ফোরণের সঙ্গে সঙ্গে ডান কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। এখান থেকে তাকে আবার পঙ্গু হাসপাতালে রেফার করেছে চিকিৎসক।
এ বিষয়ে কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) শাফায়েত হোসেন বলেন, ‘বিস্ফোরণে একটি শিশুর কবজি বিচ্ছিন্নের খবর আমরা পেয়েছি। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি, বোমা সদৃশ কোনো বস্তু বিস্ফোরণে তার কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। আমরা বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে একটি টিম পাঠিয়েছি। আমরা ভুক্তভোগী পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি।


















