মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা :
কুড়িগ্রামের উলিপুর থানা চত্তরের অদুরে বিএনপির দুই গ্রুপের নেতাকর্মীর সংঘর্ষে পৌর যুবদল নেতা আশরাফুল ইসলাম (৩৮) নিহত হয়েছেন।
এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন। আশরাফুল ইসলাম পৌরসভার দয়ালপাড়ার ডিস ব্যবসায়ী আয়নাল হকের ছেলে।
কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মনজুর এ মুর্শেদ জানান, সংঘর্ষের পর একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল।
পুলিশ ও স্হানীয় সূত্র জানায়, উলিপুর থানা চত্তরে বিএনপির দু’পক্ষের কয়েকজন নেতাকর্মীদের মধ্যে একটি অরাজনৈতিক বিষয় নিয়ে মীমাংসার চেষ্টা চলছিল।
কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সভাপতি তাসভীরুল ইসলাম এবং রংপুর বিভাগীয় সহ:সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এর এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এ ঘটনায় প্রতিপক্ষের কিল-ঘুষিতে আশরাফুল গুরুতর আহত হয়ে পড়েন। পরে তাকে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনাকে কেন্দ্র করে উপজেলা শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
তাসভীর গ্রুপের বিক্ষুব্ধ নেতাকর্মীরা আব্দুল খালেক সমর্থক আমিনুল ইসলামের মালিকানাধীন শুভেচ্ছা হোটেলে ভাঙচুর করেন। এ ছাড়াও বৈঠকে উপস্থিত থাকা পৌর শহরের বাসিন্দা কৃষকদল নেতা আবু জাফর সোহেল রানা ও সাবেক ছাত্রদল নেতা ফিরোজ কবির কাজলের বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, আমি ছুটিতে আছি। থানা চত্বরের কাছে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ এবং একজন মারা যাওয়ার বিষয়টি যেনেছি।
















