ইয়াহিয়া খান, চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা :
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা,” এ প্রতিপাদ্যে সিরাজগঞ্জের চৌহালীতে বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালন করা হয়েছে।
সোমবার(৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ সাহাব উদ্দিন আহমেদের সভাপতিত্বে দিবসটি পালন করা হয়।
কর্মসূচির মধ্যে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশন (দুদক) এর পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলণ, ফেস্টুনসহ বেলুন উড্ডয়ন, মানববন্ধন ও দুর্নীতি বিরোধী আলোচনা সভা ছিল অন্যতম।
পতাকা উত্তোলণ ও বেলুন উড্ডয়নের পরেই উপজেলা পরিষদ সংলগ্ন পাকা সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। দুর্নীতি বিরোধী দিবসে বিষয় নিয়ে মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শওকত মেহেদী সেতু।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো.আব্দুল হামিদ মাস্টারের সঞ্চালনায় প্রতিপাদ্য বিষয় ও সোনার বাংলা গড়তে হলে দুর্নীতিকে না বলুন বিষয়ের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শওকত মেহেদী সেতু, চৌহালী থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান,অতিরিক্ত কৃষি অফিসার সাব্বির আহমেদ, মহিলা বিষয়ক অফিসার শামীম জাহিদ তালুকদার, সমাজসেবা অফিসার মামুনুর রহমান প্রমুখ ৷
















