বাংলা ভয়েস ডেস্ক :
পাবনার ঈশ্বরদীতে সরকারি খাস পুকুর থেকে মাছ ধরা নিয়ে গোলাগুলির ঘটনায় বিএনপির দুই কর্মীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।
গতকাল রোববার (৮ ডিসেম্বর) রাতে উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল কাঠালতলা মোড়ে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল কলপাড়া গ্রামের জফু বিশ্বাসের ছেলে সেলিম বিশ্বাস (৪৫), মৃত আফাজ উদ্দিনের ছেলে আইনুল (৫৮) এবং একই এলাকার পথচারী আব্দুর রাজ্জাকের ছেলে নাছিম (২৭)।
এ বিষয়ে ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, সরকারি খাস পুকুর থেকে মাছ ধরা নিয়ে গত ২৬ নভেম্বর থেকে এলাকায় দুই গ্রুপের মধ্যে বিরোধ শুরু হয়। এ ঘটনার জের ধরে গতকাল রোববার রাতে পাকশি ৮ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে অবস্থানরতদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে বিএনপির দুই কর্মীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের পরিবার বলেন, রোববার রাতে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে বসেছিলেন সেলিম, আইনুলসহ অন্যরা। এ সময় অপর গ্রুপ ঘটনাস্থলে এসে শর্টগান ও পিস্তল নিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে। গুলিতে আইনুল ইসলামের বাম হাঁটুর নিচে, বাম হাতের কব্জি এবং উরুতে আঘাত লাগে। সেলিম বিশ্বাসের তলপেটে, ডান উরুর মাংসপেশি, পায়ের তালু এবং কনুইতে গুলি লেগে গুরুতর আহত হন। পথচারী নাছিমও গুলিতে আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ বিষয়ে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. কাবেরী বলেন, প্রাথমিক চিকিৎসা শেষে গুলিবিদ্ধ সেলিম ও আইনুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেলিমের অবস্থা বেশি আশঙ্কাজনক। তাঁর তলপেটে দুটি গুলি লেগেছে। পথচারী নাছিম ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
পরিদর্শক মনিরুল ইসলাম আরও বলেন, ‘এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
















