বাংলা ভয়েস ডেস্ক :
অন্তর্বর্তী সরকারের নৌ-পরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন শুক্রবার রাতে যশোর শহরে ঘুরে বেড়িয়ে স্থানীয়দের সঙ্গে আড্ডায় মেতেছেন। দড়াটানা, ধর্মতলাসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখার পাশাপাশি স্থানীয় খাবারের স্বাদও নিয়েছেন তিনি।
দুই দিনের সফরে যশোরে আসা উপদেষ্টা শুক্রবার সকালে বেনাপোল বন্দর পরিদর্শন করেন। বিকেলে সার্কিট হাউজে বিশ্রাম শেষে রাতে শহর ঘুরতে বের হন। জেলা প্রশাসকের কার্যালয়, কালেক্টরেট ভবন ও পার্ক ঘুরে দেখার পর কলেজ শিক্ষার্থীদের পরিচালিত একটি অস্থায়ী ফুড কোর্টে যান। সেখানে শিক্ষার্থীদের বিকল্প কর্মসংস্থানের উদ্যোগের প্রশংসা করেন এবং দেশীয় পিঠার স্বাদ গ্রহণ করেন। পিঠা খেয়ে শৈশবের স্মৃতিচারণ করেন তিনি।
আড্ডাকালে যশোর শহরের নানা স্থাপনা, ব্যক্তি ও সড়ক নিয়ে স্মৃতিচারণ করে উপদেষ্টা বলেন, ‘এই শহর অনেক পুরোনো। অনেক স্মৃতি আমার।’ সময়ের সঙ্গে শহরের পরিবর্তনের কথা উল্লেখ করে সুপরিকল্পিতভাবে শহরকে সুন্দর করার আহ্বান জানান স্থানীয় প্রশাসনকে।
পরে ধর্মতলায় গিয়ে স্থানীয়ভাবে জনপ্রিয় গরুর দুধের চা পান করেন এবং জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন। কোনো প্রটোকল ছাড়াই সাধারণ বেশে শহর ঘুরে বেড়ানো এবং জনগণের সঙ্গে মিশে খাবার খাওয়ায় যশোরবাসীর প্রশংসা কুড়িয়েছেন উপদেষ্টা। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি পোস্ট করে প্রশংসা করেছেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার উপদেষ্টা সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর পরিদর্শন করবেন এবং রবিবার ঢাকায় ফিরে যাবেন।
















