মোবাশ্বের নেছারী, সংবাদদাতা কুড়িগ্রাম:
রাজশাহীর জনৈক ভাঙারির দোকানে মানমাত্র মুল্যে বিক্রি হওয়া মুক্তিযুদ্ধের ভাস্কর্যদু’টি এখন শোভা পেতে চলছে কুড়িগ্রামের ‘উত্তরবঙ্গ জাদুঘরে’।
এ বিষয়টি নিশ্চিত করেন উত্তরবঙ্গ জাদুঘরে প্রতিষ্ঠাতা ও একুশে পদকপ্রাপ্ত কুড়িগ্রামের আইনজীবী এস এম আব্রাহাম লিংকন। তিনি জানান, ভাস্কর্যদু’টি নেওয়ার জন্য ইতিমধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যাপক আমিরুল মোমেনিন জোসির সঙ্গে কথা বলেছেন।
রোববার (২৪ নভেম্বর) দুপুরে ভাস্কর্যটি উত্তরবঙ্গ জাদুঘরে হস্তান্তরের জন্য অধ্যাপক ওই ভাঙারির দোকান থেকে তার ল্যাবে নিয়ে এসেছেন। অবশেষে ভাস্কর্যটি ‘ভালো স্থান’ পাচ্ছে বলে অনেক খুশি শিল্পী জোসি।
সম্প্রতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন, কারুশিল্প এবং শিল্পকলার ইতিহাস বিভাগের অধ্যাপক জোসি তার ভাস্কর্যদু’টি নগরের বিনোদপুর বাজারের এক ভাঙারির দোকানে নামমাত্র মূল্যে বিক্রি করে দেন। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে আইনজীবী আব্রাহাম লিংকন সেই ভাস্কর্য দু’টি নেওয়ার জন্য আগ্রহের কথা জানান। অধ্যাপক জোসি বলেন, বরেণ্য আইনজীবী এসএম আব্রাহাম লিংকন ভাস্কর্যদু’টি জাদুঘরে সংরক্ষণের জন্য নিতে চান। এতে আমি অনেক খুশি। দ্রুত ভাস্কর্য দুটি রাজশাহী থেকে কুড়িগ্রামে নিয়ে যাওয়া হবে।
উল্লেখ, ২০১২ সাল থেকে আঞ্চলিক ইতিহাস চর্চার এক অনন্য প্রতিষ্ঠান হিসেবে নিজ বাড়িতেই যাত্রা শুরু করে ‘উত্তরবঙ্গ জাদুঘর’। ঐতিহাসিক দলিল-দস্তাবেজ, বিভিন্ন নিদর্শন, ‘মুক্তিযুদ্ধ, ইতিহাস এবং আঞ্চলিক ঐতিহ্যের সংগ্রহশালা’ গড়ে তুলেছেন।
পরবর্তীতে বরেণ্য এই আইনজীবী এস এম আব্রাহাম লিংকন সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য ২০২২ সালে একুশে পদক ও ২০২৪ সালে স্বাধীনতা পদক অর্জন করেন।
















