মোঃ ইব্রাহিম খলিল, সাতক্ষীরা সংবাদদাতা :
সাতক্ষীরা কালিগঞ্জে স্কুল পুজিঁ করে মসজিদের জমি দখলে নিয়েছে একটি প্রভাবশালী মহল।
জানা গেছে, তিন মাসের জন্য অস্থায়ী স্কুলের কথা বলে ৫ বছর যাবত জোরপূর্বক মসজিদের জায়গা স্থানীয় এক আ.লীগ নেতার প্রভাব খাটিয়ে দখলে নিয়েছে আজহারুল ইসলাম।
১. আজহারুলের ভয়াবহ প্রতারণার ফাঁদ
২. স্কুল পুজিঁ করে মসজিদের জমি দখল
৩. অপরাধ ঢাকতে সংবাদ সম্মেলন
৪. জমি ছাড়তে ছলচাতুরী
৫. সংবাদ প্রকাশের পর নানা ফন্দিফিকির
মসজিদের জায়গা দখলে নেওয়া ঐ ব্যক্তি কালিগঞ্জ উপজেলার নলতা টাউনপাড়া গ্রামের প্রয়াত আব্দুল জলিল শেখের ছেলে। স্থানীয়দের অভিযোগ, কালিগঞ্জ উপজেলার ৬ নং নলতা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড পশ্চিম নলতার জিয়ার খালধার নামক জনবসতি এলাকায় নিকটস্থ কোন মসজিদ নেই।
মসজিদ না থাকায় অদূরে নলতা শরীফ শাহী জামে মসজিদে নামাজ পড়ার জন্য মুসল্লীদের যেতে হয়। স্থানীয় মোয়াজ্জেম হোসেন, রবিউল ইসলাম, রাকিব, আশিকুর রহমান, বাহার উল্লাহ, কিনু, রিদয়, গোলাম হোসেন, তুহিন হোসেন, রফিকুল ইসলাম, জিল্লুর রহমান, আরশাদ আলী, জলিল, হাসান, আশরাফুল, শরিফুল, শামছুর রহমান, শাহীন, মনিরুল সহ আরো অনেকে জানান, এলাকায় কাছাকাছি কোন মসজিদ না থাকায় প্রায় ২০ থেকে ২৫ মিনিট দুরত্বে মসজিদে যেতে হয়।
সেকারণে জামাতের সহিত নামাজ আদায় করা অধিকাংশ মানুষের পক্ষে সম্ভব হয়না।
এছাড়া এলাকায় মসজিদ না থাকায় শিশুরা কুরআন শিক্ষা থেকেও বঞ্চিত হচ্ছে। এসব নানাবিধ সমস্যার কারনে এলাকার মানুষ বিগত ২০১৯ সালে একটি পাঞ্জেগানা মসজিদ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন।
সে মোতাবেক এলাকার মুসল্লীরা প্রথমে জায়গা নির্ধারণ করেন। জায়গা নির্ধারণ শেষে যথারীতি সেখানে মাটি ভরাট করেন। একপর্যায় মসজিদ স্থাপনের জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়। কিন্ত সেই মুহুর্তে নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আনিছুজ্জামান খোকন মসজিদ স্থাপনের মাটি ভরাটকৃত প্রায় ৫ শতাংশ জমি গ্রামবাসীর নিকট থেকে ৩ মাসের জন্য অস্থায়ী প্রতিবন্ধী স্কুলের জন্য অনুমতি নেয়।
এমতাবস্থায় “মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশন” (এন,জে,এফ) এনজিও সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আজহারুল ইসলাম একটি অস্থায়ী প্রতিবন্ধী স্কুল করেন যার নাম “এম,জে,এফ” বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়। এলাকাবাসীর, অভিযোগ, তিন মাস অতিবাহিত হওয়ার পর মসজিদ নির্মানের জায়গা ছাড়তে এমনকি অন্যাত্রে প্রতিষ্ঠান স্থানান্তর করতে গড়িমসি শুরু করেন আজহারুল ইসলাম।
তৎকালীন সময় আ.লীগের দাপট প্রদর্শন পূর্বক দীর্ঘ ৫ বছর যাবত মসজিদ স্থাপনের জায়গা দখলে নেয় প্রতারক আজহারুল ইসলাম। গ্রামবাসীরা ঐ সময় নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিছুজ্জামান খোকনের কাছেন একাধিকবার ধরনা দিয়েও কোন প্রতিকার মেলেনি। স্কুল পুজি করে মসজিদের জায়গা দখলে রাখায় হতবিহ্বল হয়ে পড়েন এলাকাবাসী, সুশীল সমাজ সহ সচেতন মহল।
স্থানীয়রা জানান, আজহারুল ইসলাম “মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশন” নামক এনজিও সংস্থার রেজিষ্ট্রেশন বাতিল হয়ে গেছে। সরেজমিনে দেখা যায়, প্রতিবন্ধী স্কুলটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তিন মাসের কথা বলে অস্থায়ী প্রতিবন্ধী স্কুল করে পরবর্তীতে প্রতিশ্রুতি অনুযায়ী মসজিদ নির্মানের জায়গা এলাকাবাসীর অনুকূলে ছেড়ে না দিয়ে প্রতারণার ফাঁদ পাতেন অভিযুক্ত আজহারুল।
আজহারুলের এমন জঘন্য অপরাধ আর অপকর্মে এলাকার সাধারণ মানুষ ক্ষুব্ধ। এদিকে, স্কুল পুজিঁ করে মসজিদের জায়গা অবৈধভাবে ক্ষমতার অপব্যবহার করে জবর দখল করে নেওয়ায় ইতিপূর্বে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়।
এসময় মসজিদের জমি দখলে নেওয়া আজহারুল ইসলাম নিজেদের অপরাধ আর অপকর্ম ঢাকতে নানা ফন্দি আাঁটেন। তিনি কৌশলে সাতক্ষীরা প্রেস ক্লাবে গত ৯ নভেম্বর মসজিদ নির্মানের পক্ষে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন বলে এ দাবি করেন স্থানীয়রা।
অপরদিকে ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘ ৫ বছর যাবত অবৈধ পন্থায় মসজিদ নির্মানের জায়গা পুনরুদ্ধারের নিমিত্তে সাতক্ষীরা জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনার পাশাপাশি দখলবাজদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয় কালিগঞ্জ ৬ নং নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিছুজ্জামান খোকন এর সাথে মুঠোফোনে একাধিকবার আলাপের চেষ্টাকালে তার ব্যবহৃত নম্বরটি বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয় কালিগঞ্জ “মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশন” পরিচালক আজহারুল ইসলাম এর সাথে মুঠোফোনে আলাপকালে তিন মাসের কথা বলে আ.লীগ নেতার প্রভাব খাটিয়ে মসজিদের জায়গা দখলে নেওয়ার ব্যাপারে তিনি অভিযোগ অস্বীকার করেন।
এলাকাবাসী মসজিদ নির্মানের জন্য জমিতে মাটি ভরাটের বিষয়ে তিনি বলেন, তারা কেউ মাটি ভরাট করেনি। মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশন এনজিও’র রেজিষ্ট্রেশন বাতিলের কথা জানতে চাইলে তিনি বলেন, রেজিস্ট্রেশন বাতিল হয়নি। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মিথ্যা কোন সংবাদ সম্মেলন করা হয়নি।
















