বাংলা ভয়েস ডেস্ক :
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের কলেবর বাড়ানো হয়েছে। নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন শিল্পপতি সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।
সরয়ার ফারুকী ও সেখ বশিরকে উপদেষ্টা করার প্রতিবাদে সোমবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ‘তওহিদী ছাত্র জনতা’র ব্যানারে প্রতিবাদ সভা আয়োজন করে কয়েকজন যুবক। তবে পুলিশ তাদের সভা করতে দেয়নি। এ সময় ধাওয়া দিয়ে পাঁচজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
আটক পাঁচ জনের মধ্যে চারজনের নাম পাওয়া গেছে। এরা হলেন- শিবলী নোমান, ওসামা, মবিন ও তওকীর। আরেকজনের নাম জানা যায়নি। এরমধ্যে শিবলী নোমান ‘তাওহিদী ছাত্র-জনতা, চট্টগ্রামের’ আহ্বায়ক এবং অন্যরা সদস্য বলে দাবি করেছেন।
পুলিশ জানিয়েছে, আটক পাঁচজনের সঙ্গে নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের কোনো সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সভার শুরুতে ৮-১০ জন প্রেসক্লাবের সামনে জড়ো হয়েছিলেন। তারা ব্যানার নিয়ে দাঁড়ানোর পর পুলিশ ধাওয়া দিয়ে পাঁচজনকে আটক করে। এরপর সভা পণ্ড হয়ে যায়। অন্যরা দৌড়ে পালিয়ে যান। এ সময় তাদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল- পতিত আওয়ামী পাপে সরকারের দালাল, স্বৈরাচারী সরকারের দালাল ফারুকী-বশিরকে উপদেষ্টা বানানোয় প্রতিবাদ সভা। ব্যানারের নিচে খেলা ছিল- তাওহিদী ছাত্র জনতা।
কোতোয়ালী থানার ওসি ফজলুল কাদের চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, উপদেষ্টা হিসেবে শপথ নেওয়া মোস্তফা সরয়ার ফারুকী ও সেখ বশির উদ্দিনকে উপদেষ্টা করার প্রতিবাদে তাওহিদী ছাত্র-জনতার ব্যানারে একটি প্রতিবাদ সভা আয়োজন করা হয়েছিল। সেখান থেকে পাঁচজনকে আটক করা হয়েছে। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি। তাদের সঙ্গে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের কোনো সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।















