বাংলা ভয়েস ডেস্ক :
শেখ হাসিনার পদত্যাগের আনন্দে নেত্রকোণার দুর্গাপুরে স্থানীয় বিএনপির নেতা-কর্মী ও এলাকাবাসীদের গরু জবাই করে ভূরিভোজ করালেন আইনুল হক নামের বিএনপির এক সমর্থক। আজ শুক্রবার দুপুরে উপজেলার কাকৈরগড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এই আয়োজন করেন তিনি। এতে উপজেলার প্রায় এক হাজার নেতা-কর্মী ও এলাকাবাসীকে আমন্ত্রণ জানানো হয়।
আয়োজক আইনুল হক ওই ইউনিয়নের কৃষ্ণেরচর এলাকার বাসিন্দা। তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের আট দফা ঘোষণার সময় মানত করেছিলেন শেখ হাসিনা পদত্যাগ করলে দুর্গাপুরের সব বিএনপি নেতা-কর্মী ও এলাকাবাসীদের গরু জবাই করে খাওয়াবেন। তাই এবার প্রায় দুই লাখ টাকা খরচ করে গরুর মাংসের বিরিয়ানি করে ভূরিভোজের এই আয়োজন করেন তিনি।
আইনুল হক বলেন, ‘আল্লাহর কাছে মানত করছিলেন যে, শেখ হাসিনা পদত্যাগ করলে স্থানীয় সকল বিএনপির কর্মী-সমর্থকসহ এলাকাবাসীকে গরু জবাই করে খাওয়াব। এটা পূরণ করতে পেরে আমি আনন্দিত।
এদিকে এই আয়োজনে সকাল থেকেই স্থানীয় নেতা-কর্মীরা সহযোগিতায় ছিলেন। জুমার নামাজের পরপরই খাওয়া-দাওয়া শুরু হয়। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা আইনুলের আমন্ত্রণে সেখানে যান।
ভোজে অংশ নেন স্থানীয় বিএনপিকর্মী এনামুল হক। তিনি বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের দুঃশাসনে ১৫ বছর ধরে মানুষ অতীষ্ঠ হয়ে পড়েছিল। মানুষ এখন সেই দুঃশাসন থেকে মুক্ত। মুক্তির আনন্দে এই গণভোজের আয়োজনে অংশ নিয়ে ভালো লাগছে। এখানে যত মানুষ এসেছেন, সবারই মনে শান্তি ফিরে এসেছে। এসব দেখে ভালো লাগছে।
দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইমান হাসান আবু চান বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের সময় আইনুল মানত করেছিলেন শেখ হাসিনা সরকারের পতন হলে এলাকার সকল নেতা-কর্মীদের গরু জবাই করে খাওয়াবেন। আজ এখানে উৎসবে পরিণত হয়েছে।
আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের আত্মার শান্তির জন্যে দোয়া করা হয়েছে।
দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল আলম ভূঁইয়া বলেন, ‘আইনুল বিএনপির একজন সমর্থক। গত ৫ আগষ্টে যে দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি, তাতে সে আনন্দিত হয়ে স্ব ইচ্ছায়, স্ব উদ্যোগে আমাদেরকে আমন্ত্রণ করেছে, আপ্যায়ন করেছে। আমরাও তাতে খুশি। এটা আসলে দুঃশাসন থেকে মুক্তির বহিঃপ্রকাশ।
















