সিরাজগঞ্জ সংবাদদাতা :
সিরাজগঞ্জে পাওনা টাকা নিয়ে হত্যার ঘটনায় দেওয়ান শহিদুজ্জামান শুভর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীর স্বজন ও এলাকাবাসী।
গতকাল সোমবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের পৌর এলাকার মাসুমপুর উকিলপাড়া মহল্লায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ভুক্তভোগীর স্বজনরা বলেন, অ্যাঞ্জেল ফুডস বিস্কুট কারখানার পণ্য তৈরির জন্য দীর্ঘদিন ধরে একই এলাকার হাজী আব্দুর রহিম ফ্লাওয়ার মিল থেকে ময়দা ক্রয় করা হতো। ব্যক্তিগত এবং পারিবারিক সম্পর্ক ভালো থাকায় বিভিন্ন সময়ে বাকিতেও ময়দা সরবরাহ করতেন আব্দুর রহিম ফ্লাওয়ার মিলের মালিক আশফাক।
এরই ধারাবাহিকতায় গত বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় বকেয়া টাকা চাইতে অ্যাঞ্জেল ফুডস কারখানায় যান আশফাক। তখন কারখানায় অবস্থান করছিলেন মালিক বাবু মন্ডল ও অপর মালিক শহিদুজ্জামান শুভ। এসময় দেনাপাওনা নিয়ে কারখানার বাইরে আশফাকুলের সঙ্গে বাবু মন্ডলের তর্ক-বিতর্কের একপর্যায়ে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। বিষয়টি বুঝতে পেরে এগিয়ে গিয়ে শুভ দেখতে পান আশফাক হঠাৎ করে মাটিয়ে লুটিয়ে পড়েছেন। যা দেখে ভয়ে তাৎক্ষণিক সেখান থেকে পালিয়ে যান বাবু মন্ডল।
স্বজনরা আরও জানান, পরবর্তীতে অসুস্থ অবস্থায় আশফাককে উদ্ধার করে শহরের আভিসিনা হাসপাতালে নিয়ে যান দেওয়ান শহিদুজ্জামান শুভ। পরে আশফাকের পরিবাররের স্বজনদেকও খবর দেওয়া হয়। কিছুক্ষণ পর তার বোন জামাতা হাসপাতালে আসলে আশফাকুল আওয়ালকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় এজাহারনামীয় পাঁচজনসহ অজ্ঞাতনামা আরও তিন চারজনকে আসামি করে হত্যা মামলা করেছেন মৃতের বড় ভাই রাকিবুল। এতে অ্যাঞ্জেল ফুডস কারখানায় মালিক শহিদুজ্জামান শুভকে দ্বিতীয় আসামি করা হয়। এ ঘটনায় শহিদুজ্জমান শুভকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয়রা বলেন, সৎ, ভদ্র, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মানবতার ফেরিওয়ালা আলহাজ্ব দেওয়ান শহীদুজ্জামান শুভর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দাবি জানান তারা। সেই সঙ্গে এ ঘটনায় সঠিক তদন্তের দাবি জানান এলাকাবাসী।
মানববন্ধনে আরও বক্তব্য দেন শহীদুজ্জামান শুভর বাবা দেওয়ান তোফাজ্জল হোসেন, মাতা সেহেলী জাহান, মাসুমপুর সয়াধানগড়া নতুন পাড়া আলীআজগর রিপন,মো. সাইদুর রহমান খোকন, মাসুদ আহমেদ কায়েস মাসুমপুর সয়াধানগড়া নতুন পাড়া এলাকার বাসিন্দা, আক্তারুজ্জামান প্রমুখ।
















