বাংলা ভয়েস ডেস্ক :
দ্বিতীয় বিয়ে করতে কনের বাড়িতে যাওয়ার পথে বর শফিকুল ইসলামের ওপর হামলা করেছে প্রথম স্ত্রী পারভীন খাতুনসহ তার স্বজনরা।
এ সময় লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয় বর শফিকুলসহ তার সঙ্গে থাকা ৩ যাত্রীকে। মাইক্রোবাস থেকে তাদের নামিয়ে এই হামলা করা হয় বলে অভিযোগ শফিকুল ইসলাম ও তার স্বজনদের।
গতকাল শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যার দিকে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর (ফকিরপাড়া) গ্রামে ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে বর শফিকুল ইসলামসহ আহতদের উদ্ধার করে পুলিশ। পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা বাড়ি ফেরেন।
আহত বর শফিকুল ইসলাম (৩০) উপজেলার রসুলপুর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। ২০২২ সালের জানুয়ারিতে একই ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম পাশার মেয়ে পারভীন খাতুনের সঙ্গে বিয়ে হয় তার। বিয়েতে দেনমোহর ধার্য করা হয় ৪ লাখ টাকা।
















