মোঃ ইব্রাহিম খলিল, সাতক্ষীরা সংবাদদাতাঃ
সাতক্ষীরায় “বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি” (বি,সি,ডি,এস) সাতক্ষীরা জেলা শাখার সভাপতির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম সহ দূর্নীতির অভিযোগ উঠেছে।
জানা গেছে, দীর্ঘ ৩৫ বছর যাবতকাল একাধারে “বি,সি,ডি,এস” সাতক্ষীরা জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন দ্বীন মোহাম্মদ আলী। সংশ্লিষ্ট উপরি মহলে জোরেশোরে তদবির করে বাগিয়ে নেন সভাপতির পদ।
একছত্র আধিপত্য আর ক্ষমতা ধরে রাখায় যেন এখন তার নেশা হয়ে দাড়িয়েছে। অভিযোগ আছে, সদ্য “বি,সি,ডি,এস” সাতক্ষীরা জেলা শাখার কমিটি নিয়ে দ্বীন মোহাম্মদ আলী উপজেলা পর্যায় নির্বাচন ছাড়াই শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধির নিমিত্তে টাকার বিনিময়ে আইনের তোয়াক্কা না করে বিধিবহির্ভূত ভাবে সিলেকশন এর মাধ্যমে “বি,সি,ডিএস” এর কমিটি দিচ্ছেন।
আর এসব অন্যায় অবিচার আর দূর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলেছেন কিছু সংখ্যক প্রতিবাদী “বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি” সাতক্ষীরা জেলা শাখার আওতাধীন সাধারণ কেমিস্টস্ তথা ওষুধ ব্যাবসায়ীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কেমিস্টস্ জানান, “বি,সি,ডি,এস” কালিগঞ্জ উপজেলা কমিটি গণতান্ত্রিক প্রক্রিয়া ছাড়াই পূর্বের মেয়াদ থাকা কমিটি নিজের খেয়াল খুশিমতো বাতিল করার পাশাপাশি সাধারণ কেমিস্টসদের কোন মতামত কিংবা সংবিধান অনুযায়ী নির্বাচন ছাড়াই নতুন সিলেকশন কমিটি দিয়েছেন একাধারে ৩৫ বছর বাগিয়ে নেওয়া “বি,সি,ডি,এস” সাতক্ষীরা জেলা শাখার সভাপতি দ্বীন মোহাম্মদ আলী।
অনুসন্ধানে দেখা গেছে “বি,সি,ডি,এস” কালিগঞ্জ উপজেলার পূর্বের কমিটির মেয়াদ এখনো ৩০-০৪-২৫ সাল পর্যন্ত। পূর্বের কমিটির মেয়াদ থাকা সত্ত্বেও কোন কারন ছাড়াই শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধি এবং পেশি শক্তির বলে নতুন কমিটি ঘোষণা করায় জেলা ব্যাপী ক্ষুব্ধ কেমিস্টসরা। অভিযোগ আছে, সাতক্ষীরা “বি,সি,ডি,এস” কালিগঞ্জ উপজেলার পূর্বের কমিটির মেয়াদ থাকা অবস্থায় টাকার বিনিময়ে নতুন কমিটি দিয়ে তুমুল বিতর্কের জন্ম দিয়েছেন দ্বীন মোহাম্মদ আলী।

নিজের ক্ষমতার অপব্যবহার করে প্রায়শই বিভিন্ন অপকর্ম এবং লাগামহীন দূর্নীতিতে নাম লিখিয়েছেন দ্বীন মোহাম্মদ আলী। কোন কারণ ছাড়াই কালিগঞ্জ উপজেলার পুর্বের কমিটি বাতিল করে গত ১৪-০৯-২৪ তারিখ সাতক্ষীরা “বি,সি,ডি,এস” কার্যকরী কমিটির সভায়, সিরাজুল ইসলাম কে সভাপতি করে ১৭ সদস্য বিশিষ্ট একটি নতুন কমিটি আগামী ১৫-০৯-২৪ তারিখ থেকে ১৫-০৮-২৫ তারিখ পর্যন্ত এক বছর নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটির অনুমোদন দেওয়ায় “বি,সি,ডি,এস” এর সাতক্ষীরা জেলা শাখার সভাপতি দ্বীন মোহাম্মদ আলী’র প্রতি চরম ক্ষোভ প্রকাশ করেন ওষুধ ব্যাবসায়ীরা। এসময় তারা কালিগঞ্জ উপজেলা ব্যাপি ওষুধ ব্যাবসায়ীদের রেজিস্ট্রার খাতায় নতুন কমিটির পক্ষে এবং বিপক্ষে গণস্বাক্ষর গ্রহণ শুরু করেন।
এরই প্রেক্ষিতে গত ১১ অক্টোবর শুক্রবার বিকাল ৫ টার সময় ওষুধ ব্যাবসায়ীদের স্বাক্ষর গ্রহণ করার নিমিত্তে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর বাজারে এস,এম, হাফিজ মেডিকেল হল নামক প্রতিষ্ঠান স্বত্বাধিকারী মোঃ হাফিজুর রহমান এর স্বাক্ষর গ্রহণ করা রেজিস্ট্রার খাতা নিজ হাতে থাকাকালীন সময় কথিত আবুল হোসেন মৃধা ও আসফারুক ব্যাবসায়ীদের স্বাক্ষর সম্বলিত রেজিস্ট্রার খাতা কেড়ে নিয়ে পালিয়ে যায়।
উক্ত গণস্বাক্ষর সম্বলিত রেজিস্ট্রার খাতা উদ্ধার করার জন্য কালিগঞ্জ বৈধ জনপ্রতিনিধিগণ উল্লেখিত দুইজন ব্যক্তির সাথে মুঠোফোনে কথা বলেন।
এ সময় তারা মুঠোফোনে আলাপকালে বলেন, সাতক্ষীরা “বি,সি,ডি,এস” সভাপতি দ্বীন মোহাম্মদ আলীর নির্দেশে গণস্বাক্ষর সম্বলিত রেজিস্ট্রার খাতা কেড়ে নিয়েছেন। রেজিস্ট্রার খাতা ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধে করলে মোবাইলের লাউড স্পিকারে প্রাক্তন ওষুধ ব্যাবসায়ী আলহাজ্ব আবু সাইদ এর কথোপকথনের সময় আবুল হোসেন মৃধা ও আসফারুক উপস্থিত জনতার সামনে মুঠোফোনে কালিগঞ্জ উপজেলার বৈধ প্রতিনিধিদের কাছে চাঁদা দাবির পাশাপাশি বিভিন্ন প্রকার হুমকি ধামকি দেয় বলে এসব দাবি করেন প্রত্যক্ষদর্শীরা।

গণস্বাক্ষর সম্বলিত ঐ রেজিস্ট্রার খাতায় অধিকাংশ বৈধ ওষুধ ব্যাবসায়ীরা নতুন কমিটির বিপক্ষে অবস্থান নেওয়ার পাশাপাশি গণস্বাক্ষর করেন।
এদিকে নির্বাচন ছাড়াই সিলেকশনের মাধ্যমে “বি,সি,ডি,এস” কালিগঞ্জ উপজেলার নতুন কমিটি অনুমোদনের বিপক্ষে বৈধ ওষুধ ব্যাবসায়ীরা অবস্থান করার পাশাপাশি স্বাক্ষর দিয়ে মত প্রকাশ করায় নিজের অপকর্ম এবং দূর্নীতি ঢাকতে গণস্বাক্ষর সম্বলিত রেজিস্ট্রার খাতা নিজের পালিত সন্ত্রাসী আবুল হোসেন মৃধা ও আসফারুক সিন্ডিকেট দিয়ে কেড়ে নেয় সভাপতি দীন আলী।
বৈধ ওষুধ ব্যাবসায়ী প্রতিনিধিগণ বলেন, ওষুধ ব্যাবসায়ীদের গণস্বাক্ষর সম্বলিত রেজিস্ট্রার খাতা কালিগঞ্জ উপজেলা প্রশাসনের হাতে যাওয়ার ভয়ে এবং নিজের কুকীর্তি ফাঁস হওয়া থেকে বাঁচতে দীন আলী এমন জঘন্য অপরাধে লিপ্ত হন।
এ বিষয় অভিযুক্ত আসফারুক এর সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, বুঝতে পেরেছি ভাই, আমি এখন ব্যাস্ত আছি পরে কথা বলবো।
এ বিষয় অভিযুক্ত আবুল হোসেন মৃধার সাথে মুঠোফোনে একাধিকবার আলাপের চেষ্টা কালে আলাপ কলটি গ্রহণ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয় “বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি” (বি,সি,ডি,এস) সাতক্ষীরা জেলা শাখার সভাপতি দ্বীন মোহাম্মদ আলী’র সাথে মুঠোফোনে আলাপকালে তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, কালিগঞ্জ ওষুধ ব্যাবসায়ীদের সাথে আলোচনা সাপেক্ষে তিনি নতুন কমিটির অনুমোদন দিয়েছেন। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উপজেলা কমিটিতে নির্বাচনের কোন প্রয়োজন হয় না। অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “বি,সি,ডি,এস” সাতক্ষীরা জেলা শাখা কমিটি নির্বাচন ছাড়াই উপজেলা কমিটির অনুমোদন দিতে পারে। অপর এক প্রশ্নে তিনি বলেন, ভাই আমি ব্যস্ত আছি, আপনাকে আমার অফিসে চা খাওয়ার দাওয়াত থাকলো। “বি,সি,ডি,এস” কালিগঞ্জ উপজেলা কমিটি নিয়ে দূর্নীতি করায় ভুক্তভোগীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
















