মাহিদুল ইসলাম শুভ, চবি সংবাদদাতা :
ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের বিচারবহির্ভূত হত্যার প্রতিবাদে চবি ক্যাম্পাসে মশাল মিছিল করে একদল শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) প্রতিবাদ মিছিলে শিক্ষার্থীরা এসকল হত্যাকান্ডের তীব্র নিন্দা জানিয়েছেন এবং নির্মম হত্যাকান্ডের সাথে জড়িত সকলের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, ঢাবি’তে নিহত মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলকে চোর সন্দেহে ধরে নিয়ে কতিপয় শিক্ষার্থীরা ফজলুল হক হলের গেস্ট রুমে আটকে রেখে অমানবিক নির্যাতন ও মারধর করে। গতকাল বুধবার রাতে কয়েক ঘণ্টা ধরে দফায় দফায় মারধরে ওই ব্যক্তির মৃত্যু হয়। গতকাল দিবাগত রাত ১২টার দিকে কয়েকজন শিক্ষার্থী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বলেন, হাসপাতালে নিয়ে এলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। লাশটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
অন্যদিকে গতকাল (১৮ই সেপ্টেম্বর) জাবি ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ ওরফে শামীম মোল্লা গণপিটুনির শিকার হন। পরে রাত ১২টার দিকে সাভারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।নিহত শামীম বিশ্ববিদ্যালয়ের ৩৯তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার বিরুদ্ধে গত ১৫ জুলাই রাতে ভিসির বাসভবনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ রয়েছে।
শামিম মোল্লা হত্যাকান্ডের সাথে জাবি’র অন্যতম সমন্বয়ক আহসান লাবিব এর জড়িত থাকার অভিযোগে তাকে তার সমন্বয়ক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এসকল বিচারবহির্ভূত হত্যার দ্রুত সুরাহা না হলে মব জাস্টিস সারাদেশে সংক্রামকভাবে ছড়িয়ে পরতে পারে বলে ধারণা করছেন সাধারণ শিক্ষার্থীর।
















