মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা :
কুড়িগ্রামে চোর সন্দেহ করে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার রাত ১২টার দিকে নাগেশ্বরী এলাকার বাগডাঙ্গা ফকিরটারি এলাকায়।
নিহত আব্দুল জলিল (৭৫) উপজেলার বল্লভপুর ভাসানীর বাজারের পার্শবতী এলাকার হুজুর মুন্সীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আব্দুল জলিলের বিরুদ্ধে আগে চুরির অভিযোগ ছিল। বয়স বেড়ে যাওয়ায় তিনি চুরি ছেড়ে দিয়েছিলেন বলে জানা গেছে। কয়েক মাস ধরে তিনি কবিরাজি করতেন। গতকাল রাতে ফকিরটারি এলাকায় গেলে স্থানীয় কয়েকজন তাঁকে বেঁধে মারধর করেন। খবর পেয়ে নাগেশ্বরী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আশরাফুল আলম ইসরাইল পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় আব্দুল জলিলকে উদ্ধার করে উপজেলার হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, আব্দুল জলিলের বিরুদ্ধে চুরির অভিযোগ রয়েছে। তবে তিনি রাতে কেন ওই গ্রামে গিয়েছিলেন তা স্পষ্ট নয় এবং চুরি চেষ্টার অভিযোগও পাওয়া যায়নি।
ওসি রূপ কুমার সরকার বলেন, ‘স্থানীয়রা আব্দুল জলিলকে বেধরক মারপিট করেছে। তার শরীরের বিভিন্ন অংশে ক্ষতচিহ্ন ও রক্ত লেগে আছে। সুরতহাল রিপোর্ট করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।
এ বিষয়ে মামলা হবে কিনা জানতে চাইলে ওসি বলেন, ‘নিহতের পরিবারের লোকজন থানায় এসেছেন। মামলার প্রস্তুতি চলমান।
















