মোঃ ইব্রাহিম খলিল, সাতক্ষীরা সংবাদদাতাঃ
সাতক্ষীরা সদর থানা থেকে ৫ আগষ্ট লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র্যাব। এ সময় অস্ত্র গুলি লুটপাট কারী দুই যুবককে আটক করা হয়। এর পাশাপাশি পাশাপাশি ২টি পুড়ে যাওয়া মোটরসাইকেলের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়।
সাতক্ষীরা সদর থানা থেকে লুট হওয়া একটি বিদেশি পিস্তল, দুটি ওয়ান শুটার গান, দুটি ম্যাগাজিন ও ২৩ রাউন্ড গুলিসহ দুই যুবককে আটক করেছে র্যাব। একই সময় উদ্ধার করা হয়েছে দুটি পুড়ে যাওয়া মোটরসাইকেল।
শনিবার (৩১ আগস্ট) দুপুরে সাতক্ষীরা শহরের সুলতানপুর থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ওয়ান শুটার গান, দুইটি ম্যাগজিন ও ২৩ রাউন্ড গুলি সহ ঐ ২ যুবককে আটক করা হয়। আটক দুই যুবক হলেন, সাতক্ষীরা সদর উপজেলার সুলতানপুর গ্রামের আব্দুল মজিদ গাজীর ছেলে ফরহাদ হোসেন (২৭) ও শেখ শাখাওয়াত হোসেন এর ছেলে মেহেদী হাসান (২১)।
র্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি কমান্ডার এ,এস,পি ফয়সাল তানভীর জানান, গত ০৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের দিন সদর থানায় আগুন দিয়ে অস্ত্র গোলাবারুদ লুট করে দুষ্কৃতকারীরা। লুটকৃত অস্ত্র বিক্রির উদ্দেশ্যে সাতক্ষীরা শহরের সুলতানপুরে রাখা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব দুই যুবককে আটক করে।
পরে আটক মেহেদী হাসানের দেওয়া তথ্য মতে ফরহাদ হোসেনের বসতবাড়ির রান্না ঘরের ভেতরে পুঁতে রাখা অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। একই সঙ্গে থানায় পুড়ে যাওয়া দুটি মোটরসাইকেলের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। আটক আসামিদের জব্দকৃত আলামত সহ সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
















