মোঃ ইব্রাহিম খলিল, সাতক্ষীরা সংবাদদাতাঃ
সাতক্ষীরায় পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিঃ এর বৈদ্যুতিক উপকেন্দ্রের জায়গা ভরাটের নামে “সড়ক ও জনপথ” সড়কের ব্যাপক ক্ষতি সাধন করার অভিযোগ উঠেছে। জানা গেছে, সাতক্ষীরা টু খুলনা সড়কের পথিমধ্যে বিনেরপোতা নামক স্থানে পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিঃ এর বিদ্যুৎ উপকেন্দ্রের জায়গা প্রসারিত করার নিমিত্তে মাটি ভরাটের জন্য বরাদ্দ আসে।
কাজের দায়িত্বভার পায় ঠিকাদার প্রতিষ্ঠান “চাইনিজ ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং করপোরেশন” (সি,এন,ই,সি)। সাতক্ষীরা থেকে বিনেরপোতা যাওয়ার পথিমধ্যে সড়কের পাশে পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিঃ এর বৈদ্যুতিক উপকেন্দ্রের অভিমুখে সড়ক ও জনপথ (সওজ) এর প্রধান সড়কের উপরে একাধিক ট্রাক যোগে বালু এনে রাস্তার উপরিভাগে রাখে উল্লেখিত ঠিকাদার প্রতিষ্ঠান।
পরবর্তীতে সড়কের উপরে রাখা অপেক্ষমাণ হাজার, হাজার ফুট বালু মেশিন দ্বারা পানির মাধ্যমে নিচের দিকে ঠেলে দেওয়া হয়। সেখান থেকে ড্রেজার মেশিন (বলগেট) এর সাহায্যে বৈদ্যুতিক উপকেন্দ্রের প্রায় ৪০০ ফুট পিছনের জমিতে বালু ভরাট দিচ্ছে। সড়কের উপরে এবং সড়কের পাশে রাখা বালু মেশিনের দ্বারা পাইপের মাধ্যমে পানি দিয়ে ঠেলে দেওয়ার কারনে “সড়ক ও জনপথ” এর প্রধান সড়কের একপাশের প্রায় ত্রিশ ফুট দুরত্বের রাস্তার এজিং ভেঙ্গে অভাবনীয় ক্ষতিগ্রস্থ হওয়ার পাশাপাশি সড়কের পাশের মাটি সরে যায়।
এর ফলে সড়কের পাশে অসংখ্য গর্তে পরিণত হয়। এ ছাড়া সড়কের পাশের কার্পেটিং এ চির ধরে ডেবে গেছে। স্থানীয়রা জানান, ঠিকাদার প্রতিষ্ঠান এর গাফিলতির কারনে সড়কের এমন ক্ষতি সাধন হয়েছে। তারা বলেন, পাওয়ার গ্রীড অব বাংলাদেশ লিঃ বিদ্যুৎ উপকেন্দ্রের পিছনে জায়গা ভরাট ও প্রশস্তের জন্য সড়কের একপাশে যে বালু রাখা হয়েছে কাজ শেষে বালু অপসারণ করার পর ক্ষতিগ্রস্ত রাস্তায় যানবাহন চলাচলের কারনে রাস্তা ডেবে মারাত্মক ক্ষতি সাধন হবে।
তারা আরও বলেন, সরকারি ভাবে তৈরিকৃত হাজার হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সড়কের ক্ষতির দায়ভার নেবে কে? স্থানীয় ইউপি সদস্য টুটুল বলেন, সড়কের পাশে বালু রেখে পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিঃ এর বিদ্যুৎ উপকেন্দ্রের পিছনে ভরাটের কাজে ঠিকাদার প্রতিষ্ঠান এর অবহেলার কারণে সড়কের যে ক্ষতি সাধন হয়েছে তার জন্য মিডিয়ার মাধ্যমে তীব্র নিন্দা জানাচ্ছি।
এ সময় তিনি বলেন, আমি কয়েকবার ঠিকাদার প্রতিষ্ঠানের কয়েকজন ব্যক্তিকে সড়কের উপরে বালু না রাখার জন্য কয়েক দফায় অনুরোধ করেও সাড়াশব্দ পায়নি। এদিকে প্রধান সড়কের যে ক্ষতি সাধিত হয়েছে তার প্রেক্ষিতে সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানের কতিপয় ব্যক্তিদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবির পাশাপাশি সংশ্লিষ্ট সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ইউপি সদস্য,সচেতন মহল সহ সুশীল সমাজের ব্যক্তিরা।
এ বিষয় সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানের সাইড ইঞ্জিনিয়ার পরিচয় দানকারী নাদিম বলেন, সড়কের যে ক্ষতি সাধন হয়েছে আমরা মেরামত করে দেবো।
এ বিষয় সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান “চাইনিজ ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং করপোরেশন” (সি,এন,ই,সি) কর্তৃপক্ষের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয় সাতক্ষীরা সড়ক ও জনপথ (সওজ) এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজ এর সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, আমি সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান এবং বৈদ্যুতিক উপকেন্দ্রের কর্মকর্তাদের সাথে কথা বলে ব্যবস্থা নেবো।















