মাহিদুল ইসলাম শুভ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংবাদদাতা :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের ত্রাণবাহী একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। এতে বিভাগের পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে ।
গতকাল সোমবার (২৬ আগস্ট) দিবাগত রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে বারইয়ারহাট এলাকায় ঘটনাটি ঘটে। আহত শিক্ষার্থীরা হলেন ফাহিম আহমেদ পলাশ(১৮-১৮ ব্যাচ),সাদমান হায়দার(১৮-১৮ ব্যাচ),কায়কোবাদ (২৩-২৪ব্যাচ),সাকিল দে(২০-২১ব্যাচ) এবং পবন সরকার পার্থ(২০-২১ব্যাচ)। তাদের মধ্যে ফাহিম, সাদমান এবং কায়কোবাদ গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি আছেন।
পরিসংখ্যান বিভাগের ত্রাণতহবিলের দায়িত্বে থাকা এক শিক্ষার্থী জয়েস দেব অনিক(১৭-১৮ ব্যাচ) এর সাথে কথা বললে তিনি জানান, পরিসংখ্যান বিভাগের ত্রাণবাহী একটি গাড়ি ৩য় ধাপে নোয়াখালীর উদ্দেশ্যে বন্যার্থদের জন্য ত্রাণ নিয়ে যাওয়ার পথে বারইয়ারহাট এলাকায় লরির সাথে সংঘর্ষে দুর্ঘটনার শিকার হয়। আহত শিক্ষার্থীদের মধ্যে ফাহিম আহমেদ পলাশ ও সাদমান হায়দারের পায়ে গুরুতর আঘাতের কারণে জরুরী অস্ত্রোপচার করা হবে।
















