মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা :
বিএনপির নেতাকর্মী এবং ছাত্র জনতাকে নির্মম ভাবে হত্যা, গুম ও নির্যাতনের প্রতিবাদে শেখ হাসিনা ও তার দলীয় নেতা ও আমলাদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৪ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম জেলা বিএনপির আয়োজনে পুরাতন পোস্ট অফিস পাড়ায় দলীয় কার্যালয়ে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা। তিনি বলেন, শেখ হাসিনা ও তাঁর গুন্ডা বাহিনী দিয়ে শাপলা চত্বরে মাদ্রাসার ছোট বাচ্চাদের হত্যা করেছে এবং কোটা বিরোধী আন্দোলনে ছাত্র-জনতাকে নির্মম ভাবে হত্যা করেছে। তাঁর হাত শত মানুষের রক্তে রঞ্জিত।
এ সময় উপস্থিত ছিলেন, সহসভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা, যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান প্রমুখ।
বিকেলে এন আর প্লাজায় অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, এসএম আশরাফুল ইসলাম প্রমুখ। অবস্থান কর্মসূচিতে অনতিবিলম্বে গণহত্যার দায়ে শেখ হাসিনাসহ জড়িতদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।।
এদিকে শেখ হাসিনার বিচারের দাবিতে কুড়িগ্রামের উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বুধবার (১৪ আগস্ট) দুপুরে যুবদলের আয়োজনে বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে সমাবেশে মিলিত হয়।
পৌর যুবদলের আহবায়ক আলমগীর হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিঞা, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ, উপজেলা যুবদলের আহবায়ক তৌফিকুর রহমান লাভলু, সদস্য সচিব সামিউল ইসলাম শামীম প্রমুখ।
সমাবেশে বক্তারা বিগত ১৭ বছর ধরে শেখ হাসিনা বিএনপির নেতাকর্মীদের ওপর অত্যাচার নির্যাতন চালিয়ে গুম খুন করা হয়েছে। এমনকি ছাত্রজনতার আন্দোলনে গুলি চালিয়ে তাদের নির্মম ভাবে হত্যা করা হয়েছে। এ সময় তারা সকল হত্যাকান্ডের তদন্ত করে শেখ হাসিনা সহ জড়িতদের বিচারের দাবি জানান।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা বিএনপি।
অপরদিকে ১৪ আগস্ট বুধবার দুপুরে জেলার নাগেশ্বরী উপজেলা বাসস্ট্যান্ডে এক বিক্ষোভ সমাবেশ করেন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সাইফুর রহমান রানা, উপজেলা বিএনপির সভাপতি নুরন্নবী দুলাল, সাংগঠনিক সম্পাদক তানিজমুল ইসলাম কিরণ, রংপুর মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তফা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আজিজুল হক, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আতিকুর রহমান লেবু, পৌর যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমান, সদস্য সচিব নূর জামাল হোসাইন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আতিকুর রহমান আকাশ, সাবেক সদস্য সচিব আশিকুর রহমান আকাশ প্রমুখ।
















