মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা :
কুড়িগ্রামের শৌলমারী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৮১ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যার পর রৌমারী উপজেলার শৌলমারী বাজারের একটি বসতবাড়ি এবং দুটি গোডাউন ঘর থেকে এসব চিনি উদ্ধার করা হয়।
তথ্য নিশ্চিত করেন, রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান।
রৌমারী থানার ওসি আব্দুল্লা হিল জামানের নেতৃত্বে চর শৌলমারী বাজারের একটি বসতবাড়ি ও একটি গোডাউনে অভিযান চালায় পুলিশ। এ সময় আমির চাঁন (৪৫) ও চান্দু মিয়া (৫৫) নামে দুই চিনি মজুতকারী গোডাউনে তালা লাগিয়েল পারিয়ে যায়।
সংবাদ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মো.আসিফ উদ্দীন মিয়া ও রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মমিনুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে তালা ভাঙার ব্যবস্থা করেন। তাদের উপস্থিতিতে আমির চাঁনের বাড়ি থেকে ৩০ বস্তা, চর শৌলমারী বাজারে অবস্থিত তার গোডাউন থেকে ১২৫ বস্তা এবং একই বাজারের চান্দু মিয়ার গোডাউন থেকে ২৬ বস্তা চিনি উদ্ধার করা হয়।
প্রতি বস্তায় ৫০ কেজি করে প্রায় ৯ মেট্রিক টন চিনি জব্দ করা হয়েছে।
ওসি আব্দুল্লা হিল জামান, কাউয়ার চর সীমান্ত পথ দিয়ে ভারতীয় এসব চিনি উপজেলার সীমান্ত পথ এলাকা কাউয়ার চর দিয়ে অবৈধ ভাবে এনে মজুত করা হয়েছে।
তিনি আরো জানান, অভিযুক্ত আমির চাঁন (৪৫) ও চান্দু মিয়া (৫৫)’র নামে বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রস্তুতি চলমান রয়েছে।
















