মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা :
কুড়িগ্রামে একদিন আগে নিখোঁজ মুশফিকুর রহমান (৭২) এর লাশ ব্রহ্মপুত্র নদ বেষ্টিত হকের চরের একটি খাল থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার (১০ জুলাই) সকালে উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের ব্রহ্মপুত্র নদ বেষ্টিত হকের চর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুশফিকুর রহমান ওই এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে।
স্থানীয় লোকজন এবং পরিবার সূত্র জানায়, গত মঙ্গলবার বিকেলে মুশফিকুর রহমান জর্দ্দা ক্রয়ের উদ্দেশ্যে স্হানীয় একটি বাজারে যান। রাত পোহালেও তিনি বাড়ি ফিরে আসেন নাই। এদিকে স্বজনরা অনেক খোঁজাখুজির পরও তার সন্ধান পাননি। পরদিন বুধবার সকালে ব্রহ্মপুত্র নদ বেষ্টিত হকের চরের একটি খালের পানিতে মুশফিকুর রহমানের মরদেহ ভাসতে দেখে স্বজনদের খবর দেন। পরিবারের লোকজন তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা জানান, এ ঘটনায় নিহতের পরিবারের কোন অভিযোগ না পাওয়ায় একটি ইউডি মামলা হয়েছে।
















