বাংলা ভয়েস ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার মামলা গ্রেপ্তারের ১৩ মাস পর জামিনে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় যোগ দিতে গেছেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।
আজ রোববার (৩০ জুন) দুপুর ১২টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে থেকে মুক্তি পান।
এর আগে ২০২৩ সালের ২৫ মে তাকে শহরের একটি চেকপোস্ট থেকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, আবু সাঈদের স্ত্রী শাহানা বেগম (৬০) শনিবার দুপুরে মৃত্যুবরণ করেন। রাজশাহীর চারঘাট উপজেলার মাড়িয়া গ্রামে রবিবার বিকালে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা। ফলে কারাগার থেকে মুক্তি পেয়েই গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন চাঁদ।
এর আগে গত ২৪ মার্চ আবু সাঈদের মা আশরাফুন্নেছা মারা গেলে আড়াই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নেন এই বিএনপি নেতা।
উল্লেখ্য, গত বছরের ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় জেলা বিএনপির এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে বিএনপি নেতা আবু সাঈদের বিরুদ্ধে। ওই বক্তব্যের জেরে দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে মামলা হয়।
দেশের বিভিন্ন স্থানে আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে দায়ের হওয়া ২১টি মামলার প্রত্যেকটি উচ্চ আদালত থেকে জামিন নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান। সর্বশেষ ঈদুল আজহার আগে ফরিদপুরে দায়ের করা একটি মামলায় তার জামিন হয়। এরপর থেকে তিনি মুক্তির অপেক্ষায় ছিলেন বলে জানান এ আইনজীবী।
















