মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা:
কুড়িগ্রাম সদরের পুরাতন পোস্ট অফিস পাড়ায় বিদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত থেকে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ১৭টি ঘর পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগীরা।
গতকাল শুক্রবার (২৮ জুন) মধ্যরাতে জেলা শহরের পুরাতন পোস্ট অফিস পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, জেলা শহরের পুরাতন পোস্ট অফিস পাড়া এলাকার শাহাজাহান মিয়ার ঘরে প্রথমে আগুনের সূত্রপাত হয়। আগুন মুহূর্তেই পাশের লাগোয়া সোহেল মিয়া, মোছা. ফাতেমা বেগম, বদিউল্লাহ, কামাল মিয়া, বিপ্লব মিয়া, কহিনুর বেগম, রাবেয়া বেগম ও নুরজাহানের ঘরে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ঘরের আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালংকার, ব্যবসায়িক মালামাল পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সমিত চক্রবর্তী বলেন, আমি ব্যবসায়িক কাজ শেষ করে একটু বাইরে ছিলাম। এসে দেখি সেচ পাম্পের মোটরটি চলছে না। তাই সেটির সুইস বন্ধ করে দেই। একটু পর সেচ পাম্পের পাশে আগুন লেগে আশপাশে ছড়িয়ে পড়ে। আগুনে আমার তিনটি রুমে থাকা বিভিন্ন মালামাল, নগদ টাকা, ফ্রিজ ও ঘরে থাকা আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
তিনি আরও বলেন, আমরা ৬টি কোম্পানির সঙ্গে ব্যবসা ছিল। সব মালামাল পুড়ে শেষ। এখন আমরা নিঃস্ব হয়ে গেলাম।
কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনের খবর পেয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছি।
কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)তিমুশফিকুল আলম হালিম বলেন, আগুনে ৯জন ব্যবসায়ীর ১৭টি ঘর পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারিভাবে সহায়তা করা হবে।
















