মোবাশ্বের নেছারী কুড়িগ্রাম সংবাদদাতা:
কুড়িগ্রামে পৃথক ঘটনায় পানিতে ডুবে এক শিশু ও যুবকের মৃত্যু হয়েছে।
আজ সোমবার (১০জুন) দুপুরে ভূরুঙ্গামারী উপজেলার ৩ নম্বর তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রাম এবং পাইকেরছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শিলবাড়ি এলাকায় পৃথক এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন, ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন।
নিহতরা হলেন- উপজেলার ৩ নম্বর তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের রফিকুল ইসলামের দেড় বছরের মেয়ে ফারিয়া এবং পাইকেরছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শিলবাড়ি এলাকায় শামছুল হকের ছেলে ঝন্টু মিয়া (৩৫)।
নিহত ফারিয়ার বাবা রফিকুল জানন, দুপুরের দিকে ফারিয়া বাড়ির উঠানে খেলা করছিল। তার মা ঘরের কাজে ব্যস্ত থাকায় ফারিয়া খেলতে খেলতে বাড়ির বাইরে চলে যায়।
“এ সময় বাড়ির পাশে মাছ চাষ করা নিচু জমির পানিতে পড়ে ডুবে যায়। এরপর তাকে খুঁজতে গিয়ে পানিতে পড়ে থাকতে দেখেন।”পরে মৃত্যু অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
অপরদিকে, ভোরে ঝন্টু দুধকুমার নদীর সোনাহাট ব্রিজের উত্তর পাশে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে যান। সকাল ৮টার দিকে আব্দুল মান্নান নামের এক ব্যক্তি ওই স্থানে মাছ ধরতে জাল ফেলেন। এ সময় পানিতে নামলে ঝন্টুর লাশ দেখতে পান।
বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন জানান, কোনো অভিযোগ না থাকায় লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
















