বাংলা ভয়েস ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতার গুলিতে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ বিকেল ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ইজাজ (২৩) শহরের কলেজপাড়ার আমিন মিয়ার ছেলে। সে ব্রাহ্মণবাড়িয়া সরকারি অনার্স কলেজের তৃতীয় বর্ষের ছাত্র।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন তিনি জানান, সদর উপজেলা পরিষদ নির্বাচনে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভনের বিজয়ের সম্ভাবনায় ইজাজ অন্যদের সঙ্গে কলেজপাড়ায় আনন্দ মিছিলের জন্য জড়ো হয়। সেসময় কলেজপাড়া খান টাওয়ারের সামনে এসে তাকে গুলি করে জেলা ছাত্রলীগ সহ-সভাপতি জয়। এসময় মামুন ও রুবেল নামের আরও ২ যুবক ছিল তার সঙ্গে।
আশঙ্কাজনক অবস্থায় ইজাজকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর সন্ধ্যা ৭টায় মারা যায়।
আসলাম হোসেন আরও জানান, পূর্ব বিরোধে গুলির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় কলেজপাড়ায় উত্তেজনা বিরাজ করছে। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।
















