বাংলা ভয়েস ডেস্ক:
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডে অভিযুক্ত আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভূঁইয়ার সহযোগী ‘সেকেন্ড ইন কমান্ড’ সাইফুল আলমকে যশোর থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ মঙ্গলবার (২৮ মে) রাত সাড়ে ৯টার দিকে যশোর শহরের রায়পাড়া বাবলাতলা এলাকার একটি মৎস্য হ্যাচারি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় পুলিশ তার কাছ থেকে একটি ভারতীয় নম্বরসহ মোবাইল ফোন ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। যশোর ডিবি পুলিশের দাবি, সাইফুল মেম্বার বাবলাতলার সেই হ্যাচারিতে পাঁচদিন ধরে অবস্থান করছিলেন।
যশোর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম বলেন, সাইফুল আলম মেম্বার চরমপন্থি শিমুল ভুঁইয়ার ‘সেকেন্ড ইন কমান্ড’ হিসেবে পরিচিত। যশোরের উদয় শঙ্কর হত্যা, রাকিব হত্যা, সুব্রত হত্যা মামলায় দুটিতে চার্জশিটভুক্ত আসামি ও একটিতে পলাতক আসামি তিনি। আনার হত্যার ঘটনায় অভিযান শুরু করলে সাইফুল আত্মগোপনে চলে যায়। এরপর গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৯টার দিকে যশোর শহরের রায়পাড়া বাবলাতলা এলাকায় অভিযান চালিয়ে আদর্শ মৎস্য নার্সারি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
















