বাংলা ভয়েস ডেস্ক:
টাঙ্গাইলের ধনবাড়ীতে পুলিশকে পিটিয়ে হ্যান্ডকাপসহ এক আসামিকে ছিনিয়ে নিয়েছে তার স্বজনরা।
গতকাল শনিবার (১৮ মে) বিকেলে উপজেলার বানিয়াজান ইউনিয়নের পঞ্চাশী গ্রামের গাজীবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
ওই আসামি একই এলাকার পঞ্চাশী গ্রামের হাছেন আলীর ছেলে কাকন।
তিনি সম্প্রতি পাশের এলাকায় একজনকে কুপিয়ে আহত করার ঘটনায় পলাতক ছিলেন। তাছাড়াও তিনি একাধিক মামলার আসামি বলে জানা গেছে।
স্থানীয় একাধিক সূত্র জানায়, গত রমজানের শুরুতে কথা কাটাকাটির জেরে পাশের বাজিতপুর গ্রামের সৈয়দ আলী মন্ডলের ছেলে মিজানুর রহমানকে কুপিয়ে আহত করে কাকন। এ ঘটনায় মামলা দায়েরের পর থেকে পলাতক ছিল সে।
কাকনের এক চাচী শুক্রবার রাতে মারা গেলে শনিবার বিকেলে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফনের ব্যবস্থা করা হয়। পলাতক আসামী কাকন তার চাচীর জানাজায় অংশ নিতে বাড়িতে আসার খবরে ধনবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) সিদ্দিক হোসেন তিন সঙ্গী নিয়ে গাজীবাড়ী যান। জানাজা শেষে কাকনকে আটক করে পুলিশ।
এ সময় কাকনের স্বজনরা ক্ষুব্দ হয়ে পুলিশের ওপর আক্রমণ চালায়। পরে হ্যান্ডকাপ পরা অবস্থায় পালিয়ে যায় কাকন।
ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) হাবিবুর রহমান তিনি জানান, মামলার আসামীকে জানাজার অনুষ্ঠান থেকে আটকের পর স্বজনদের সহায়তায় পালিয়ে গেছে। তবে পুলিশের ওপর কোন হামলার ঘটনা ঘটেনি। আসামীকে আটকের চেষ্টা অব্যাহত আছে।
















