মোবাশ্বের নেছারী কুড়িগ্রাম সংবাদদাতা
কুড়িগ্রামের ৩ উপজেলার ৪টি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতরের ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। পৃথক ঈদ জামাতে প্রায় পাঁচ শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন বলে জানা গেছে। জেলার রৌমারী, রাজীবপুর ও ভুরুঙ্গামারী উপজেলার ৪টি গ্রামে পবিত্র ঈদুল ফিতর উৎসব পালন করা হয়।
আজ বুধবার (১০ এপ্রিল) সকালে কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৈলমারী ইউনিয়নের গয়টা পাড়া গ্রাম, রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের পূর্ব করাতি পাড়া গ্রাম ও ভুরুঙ্গামারী উপজেলার পাইকের ছড়া ইউনিয়ন পাইকডাঙ্গা ও পাইকের ছড়া গ্রামে এ ঈদের নামাজ আদায় করা হয়।
ঈদের জামাত আদায় করা রৌমারী উপজেলার শৈলমারী ইউনিয়ন গয়টা পাড়া গ্রামের বাসিন্দারা জানান, আমারা প্রায় ৫ বছর ধরে সৌদি আরব ও মধ্য প্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে রমজানের রোজা রাখা, ঈদের নামাজ আদায় সহ পবিত্র ঈদ উৎসব পালন করে আসছি।
ভুরুঙ্গামারী উপজেলার পাইকের ছড়া পাইকডাঙ্গা গ্রামের আ.ছবুর বলেন, কয়েক বছর ধরে সৌদির সঙ্গে মিল রেখে এ ইউনিয়নের দুই গ্রামের মানুষজন রমজান ও ঈদ উৎসব পালন করে আসছি। আনন্দ উদ্দীপনার সঙ্গে ঈদের নামাজ আদায় করলাম। সারা মাস রোজা রেখে ঈদের নামাজ আদায় করে খুবই ভালো লাগলো।
কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন, জেলা পুলিশের নিরাপত্তায় পূর্ণ উৎসব মুখর পরিবেশে কুড়িগ্রামের ৪টি গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নাগরিক সেবায় জেলা পুলিশ সব সময় নিবেদিত আছে। তিনি বলেন, ‘জেলায় আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সাথে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনে পুলিশ কাজ করছে।


















