মোঃমতিয়ার রহমান, শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা
আজ সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয় “মাতৃভাষা বাংলার মর্যাদা সমুন্নত রাখতে এবং ভাষা শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগকে স্মরণ করে যথাযোগ্য মর্যাদায় ‘অমর একুশে’, ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে।
অমর একুশের কালজয়ী গান, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি সমবেত গানের সঙ্গে রাত ১২টা ১ মিনিটে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এর আগে মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি সম্মান জানিয়ে শহীদ বেদিতে রাত এগারোটা থেকে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ গ্রহণ করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শাহ্ আজম বলেন, বাঙালি জাতীয়তাবাদের মূলভিত্তি হচ্ছে বায়ান্নর ভাষা আন্দোলন। সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক আকাঙ্ক্ষাকে হাজারগুণে বাড়িয়ে দেয় এ আন্দোলন। তাই ‘৫২-এর ভাষা আন্দোলন বাংলাদেশ ও বাঙালি জাতির গণচেতনার সর্বপ্রথম বহিঃপ্রকাশ এবং স্বাধিকার আন্দোলনের উন্মেষে এক বলিষ্ঠ পদক্ষেপ। ভাষা আন্দোলনের চেতনাঋদ্ধ জনগণ চেয়েছে স্বাধীন জাতিরাষ্ট্র। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালিকে সে চেতনার মন্ত্রে উজ্জীবিত করেছেন। যার ডাকে কোটি বাঙালি স্বাধীনতার জন্য জীবনপণ লড়াইয়ে ঝাপিয়ে পড়ে ছিনিয়ে এনেছেন লাল সবুজের প্রিয় পতাকা।
এছাড়াও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিকালে অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।


















