স্থানীয় সরকার বিভাগের অধীনে চলতি অর্থবছরেই পাঁচটি নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। নির্বাচনগুলোর মধ্যে রয়েছে সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচন।
মঙ্গলবার (১৮ আগস্ট) সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের ভাঙ্গা ব্রিজ এলাকায় মহাসড়কের সৌন্দর্যবর্ধনের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে সরকার বদ্ধপরিকর। চলতি অর্থবছরে স্থানীয় সরকার বিভাগের নির্বাচন আয়োজনের জন্য প্রায় ৬ হাজার কোটি টাকা বাজেট বরাদ্দ রাখা হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে। কমিশনের প্রস্তুতি শেষ হলে কোন নির্বাচন আগে অনুষ্ঠিত হবে, তা নির্ধারণ করা হবে।
তিনি বলেন, গত ২০ বছরে দেশে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। ভঙ্গুর অর্থনৈতিক অবস্থার মধ্যেই বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে। এরপরও সরকার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় উন্নয়নের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকার সৌন্দর্যবর্ধনের কাজও করা হচ্ছে।
ঢাকা-আরিচা মহাসড়কের দীর্ঘদিনের ময়লা-আবর্জনা পরিষ্কার করে সেখানে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশের যেসব স্থানে ময়লা-আবর্জনা রয়েছে, পর্যায়ক্রমে সেগুলো পরিষ্কার করে বৃক্ষরোপণ ও সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি আমিনবাজার ও আশুলিয়ায় পৌরসভা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
পরিদর্শন শেষে ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, আমিনবাজার এলাকায় ল্যান্ডফিল ব্যবস্থাপনাকে আধুনিকায়ন করা হয়েছে। নির্ধারিত ল্যান্ডফিলের বাইরে মহাসড়কে কেউ ময়লা ফেললে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, মহাসড়কের পাশে সৌন্দর্যবর্ধনের কাজ শেষ হলে সেখানে দুটি উইন্ডমিল স্থাপন করা হবে। এসব উইন্ডমিল থেকে উৎপাদিত নবায়নযোগ্য বিদ্যুৎ দিয়ে প্রায় দেড় কিলোমিটার সড়কের বাতি জ্বালানোর পরিকল্পনা রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, আমিনবাজারে মহাসড়কের পাশে থাকা ময়লার ভাগাড়ের নির্দিষ্ট স্থানে বালি ও মাটি ফেলে জমি প্রস্তুত করা হয়েছে। এরপর সেখানে নারিকেল, সুপারি ও নিমসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়েছে। মাটি ধরে রাখতে বিশেষ ধরনের ঘাস লাগানোর পাশাপাশি অননুমোদিতভাবে বর্জ্য ফেলা বন্ধে মহাসড়কের পাশে মজবুত নেটের বেড়া দেওয়া হয়েছে।
এ সময় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী, সাভার ও আমিন সার্কেলের সহকারী কমিশনার (ভূমি), আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


















