কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরকে গুজব বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বুধবার (১২ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিশ্ব যুব দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে কি না—জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘এটি গুজবের একটি অংশ।’ ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়েও কথা বলেন জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, দুই দেশের সম্পর্কে এমন কোনো জটিলতা নেই, যা সমাধান করা সম্ভব নয়।
বিশ্ব যুব দিবসের অনুষ্ঠানে তরুণদের গুরুত্ব তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, তরুণরাই একটি দেশ ও জাতির মূল শক্তি। তারা দেশের জন্য আশীর্বাদ। বিভিন্ন ধরনের দুর্যোগ মোকাবিলায় তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি বলেন, তরুণদের সঠিক শিক্ষা ও প্রয়োজনীয় দক্ষতা দিতে পারলে তারা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। জহির উদ্দিন স্বপন আরও বলেন, বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। পৃথিবী ইতোমধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করছে। তরুণদের শক্তি একটি দেশের উন্নয়নে ইতিবাচক মাত্রা যোগ করে।
তরুণদের দক্ষ জনশক্তিতে পরিণত করতে বর্তমান সরকার ইতোমধ্যে একাধিক পদক্ষেপ নিয়েছে বলেও জানান তথ্যমন্ত্রী।


















