বাংলা ভাষার শুদ্ধ চর্চা, শুদ্ধ বানান ও শুদ্ধ উচ্চারণকে সর্বস্তরে ছড়িয়ে দিতে টাঙ্গাইলের দেলদুয়ারে ছায়ানীড়-এর উদ্যোগে ‘সর্বস্তরে বাংলা ভাষা: শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণে’ শীর্ষক কর্মশালা ও মুক্ত পাঠাগার উদ্বোধন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১১টা মিনিটে দেলদুয়ারের ডা. এফ. আর. খান পাইলট ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ভূঞাপুরের নির্বাহী প্রকৌশলী খন্দকার কামরুজ্জামান।
অনুষ্ঠানে সংবর্ধেয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা খন্দকার ফিরোজ বিন মাহবুব, সমাজসেবক এবং শ্রীমতি গায়ত্রী বসাক, সাবেক শিক্ষক। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবী জয়িতা লুৎফা আক্তার মিতা ও অধ্যাপক আব্দুস সামাদ।
অনুষ্ঠানে ‘বাংলা ভাষার ফেরিওয়ালা’ হিসেবে পরিচিত ছায়ানীড়ের নির্বাহী পরিচালক অধ্যাপক মো. লুৎফর রহমান মূল আলোচকের বক্তব্যে বাংলা ভাষার শুদ্ধ ব্যবহার, শুদ্ধ বানান, সঠিক উচ্চারণ এবং পাঠাভ্যাস গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ভাষার প্রতি ভালোবাসা ও নিয়মিত পাঠচর্চাই একটি জ্ঞানভিত্তিক, সংস্কৃতিমনা ও মানবিক সমাজ গঠনের অন্যতম ভিত্তি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. এফ. আর. খান পাইলট ইনস্টিটিউটের প্রধান শিক্ষক নিলুফার ইয়াসমিন।
কর্মশালায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় আনুষ্ঠানিকভাবে মুক্ত পাঠাগারের উদ্বোধন করা হয়। আয়োজকরা জানান, বাংলা ভাষার শুদ্ধ চর্চা ও পাঠাভ্যাস বিস্তারে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।


















