শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় থেকে জাতীয় সংসদ ভবনের উদ্দেশে মিছিল নিয়ে রওনা হয়েছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে শিক্ষার্থীরা দ্বিতীয় দফায় সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন। সোয়া এক ঘণ্টার বেশি সময় সড়ক অবরোধের পর বিকেল ৫টা ২০ মিনিটের দিকে তারা মিছিল নিয়ে মিরপুর সড়ক ধরে জাতীয় সংসদ ভবনের দিকে অগ্রসর হন।
মিছিল চলাকালে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ, আগামী ১৫ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত এবং ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
আন্দোলনকারীদের ঘোষিত তিন দফা দাবি হলো—
- আজ সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে পদত্যাগ করতে হবে এবং তাঁর বিতর্কিত বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
- ১৩ জুলাই অস্বস্তিকর ও দুর্যোগপূর্ণ পরিবেশে যারা পরীক্ষায় অংশ নিয়েছেন এবং যারা অংশ নিতে পারেননি—সবার জন্য পুনরায় পরীক্ষা আয়োজন করতে হবে।
- আগামী ১৫ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করে নতুন রুটিন প্রকাশ করতে হবে এবং প্রশ্নপত্র শিক্ষার্থীবান্ধব করতে হবে।
এর আগে একই দিন শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। পরে তারা জাতীয় সংসদ ভবনের উদ্দেশে যাত্রা শুরু করেন।


















