আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক ছেড়ে পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে তিনি আশ্বাস দিয়েছেন, যেসব পরীক্ষাকেন্দ্রে কোনো ধরনের ভুলত্রুটি বা সমস্যা হয়েছে, সেখানে প্রয়োজন হলে পুনরায় পরীক্ষা নেওয়া হবে।
এছাড়া পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে থাকা দুটি ভুল প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে।
মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে আলাদা দুটি সম্পূরক প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ মন্তব্য করেন।
চলমান এইচএসসি পরীক্ষা ঘিরে টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যে সোমবার অনুষ্ঠিত পরীক্ষার পর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভের প্রেক্ষাপটে সংসদে বিষয়টি উঠে আসে।
পরীক্ষা স্থগিত না করার সিদ্ধান্ত প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, সংশ্লিষ্ট সংস্থাগুলোর পক্ষ থেকে অনুকূল আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছিল। “আমাদের বলা হয়েছিল আবহাওয়া ভালো থাকবে। সে কারণেই পরীক্ষা যথারীতি নেওয়ার সিদ্ধান্ত বজায় রাখা হয়েছিল,” বলেন তিনি।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, যেসব কেন্দ্রে বাস্তবিক সমস্যা বা অনিয়মের কারণে পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেসব বিষয় পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রের দুটি ভুল প্রশ্নের জন্য সকল পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


















