মো. কাজল ইসলাম, কুড়িগ্রাম (সদর) সংবাদদাতা :
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্ত এলাকা থেকে ৭৫ হাজার টাকার জাল নোটসহ আনোয়ার মিয়া (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটক আনোয়ার মিয়া উপজেলার পাথরডুবি ইউনিয়নের মইদাম কালিবাড়ি এলাকার কুদ্দুস মিয়ার ছেলে।
সোমবার (৬ জুলাই) গভীর রাতে ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের ঢেবঢেবি বাজারসংলগ্ন সীমান্ত এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, আনোয়ার মিয়া দীর্ঘদিন ধরে সীমান্ত দিয়ে জাল নোট ব্যবহার করে গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য কিনে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। আটক হওয়ার আগে তিনি অবৈধভাবে কাঁটাতারের বেড়া অতিক্রম করে ভারতে প্রবেশের প্রস্তুতি নিচ্ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে ভুরুঙ্গামারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুনের নেতৃত্বে এবং এসআই (নিরস্ত্র) আব্দুল রহিমের অংশগ্রহণে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আনোয়ার মিয়াকে ৭৫ হাজার টাকার জাল নোটসহ আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনোয়ার জাল নোট ব্যবহার করে সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।
ভুরুঙ্গামারী সার্কেলের এএসপি মুনতাসির মামুন মুন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০ এবং বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকার মাদক ও চোরাকারবারিরা অধিক মুনাফার আশায় ভারতীয় মাদক ব্যবসায়ীদের কাছেও জাল নোট চালানোর চেষ্টা করে। সীমান্তে মাদক ও চোরাচালান দমনে পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
















