মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা :
সীমান্তের গোপন রুটে থেমে নেই চোরাচালান। এবার কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ মোবাইল ফোনের ডিসপ্লের চালান জব্দ করেছে পুলিশ। অভিযানে এক যুবককে আটক করা হয়েছে। জব্দ হওয়া ডিসপ্লেগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব ডিসপ্লে জব্দ করা হয়। আটক সোহাগ মন্ডল (২১) কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার লুৎফর রহমানের ছেলে।
পুলিশ জানায়, ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের বাঁশজানি সীমান্ত দীর্ঘদিন ধরে চোরাচালানকারীদের অন্যতম নিরাপদ রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ওই পথ দিয়ে ভারত থেকে মোবাইল ফোনের ডিসপ্লে অবৈধভাবে দেশে এনে ঢাকাসহ বিভিন্ন জেলায় সরবরাহ করা হতো।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) আলিউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন সোহাগ মন্ডলকে ডিসপ্লেসহ আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, বাঁশজানি এলাকার চিহ্নিত চোরাকারবারি নুর ইসলাম সীমান্ত পেরিয়ে এসব ডিসপ্লে দেশে এনেছেন। তাকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন বলেন, “সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান আরও জোরদার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
স্থানীয়দের অভিযোগ, সীমান্তের কিছু গোপন পথ ব্যবহার করে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন পণ্যের চোরাচালান চালিয়ে আসছে। পুলিশের সাম্প্রতিক অভিযানে সেই চক্রের তৎপরতা আবারও সামনে এসেছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, সীমান্তজুড়ে নজরদারি আরও বাড়ানো হয়েছে এবং চোরাচালান সিন্ডিকেটের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।


















