সুনামগঞ্জ সংবাদদাতা :
সরকারি কৃষি সহায়তার তালিকায় অনিয়ম, স্বজনপ্রীতি ও প্রকৃত কৃষকদের বঞ্চিত করার প্রতিবাদে সুনামগঞ্জের দিরাইয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ৫নং দিরাই সরমঙ্গল ইউনিয়নের বঞ্চিত কৃষকেরা।
বুধবার (১ জুলাই) দিরাই পৌর শহরের থানা পয়েন্ট এলাকায় এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সাংবাদিক আবদুল্লাহ আল রাজী-র পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ৫নং দিরাই সরমঙ্গল ইউনিয়নের ইউপি সদস্য আব্দুস সামাদ, ইউপি সদস্য শাহার মিয়া, বীর মুক্তিযোদ্ধা কুমুদ রঞ্জন দাস এবং সাংবাদিক জোহান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ৫নং দিরাই সরমঙ্গল ইউনিয়নের ইউপি সদস্যদের (মেম্বার) দ্বারা প্রণয়নকৃত নিয়মতান্ত্রিক তালিকা সম্পূর্ণ বাদ দিয়ে ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েল নিজের মনগড়া ও অনিয়মতান্ত্রিক একটি তালিকা তৈরি করেছেন। সেই তালিকায় বর্তমানে ঢাকা ও চট্টগ্রামে অবস্থানরত ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। শুধু তাই নয়, একই পরিবারের ৩ থেকে ৪ জনের নাম তালিকায় দিয়ে সরকারি সুবিধা কুক্ষিগত করার পাঁয়তারা চলছে।
বক্তারা আরও বলেন, ইউনিয়নের প্রকৃত ও হাড়ভাঙা খাটুনি খাটা কৃষকদের এই তালিকা থেকে সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে। এর ফলে প্রকৃত কৃষকেরা তাদের ন্যায্য সরকারি অধিকার ও কৃষি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন। বক্তারা অবিলম্বে এই বিতর্কিত তালিকা বাতিল করে প্রকৃত কৃষকদের নাম অন্তর্ভুক্ত করার জোর দাবি জানান।
কৃষকদের দাবি চেয়ারম্যানের তৈরি করা বিতর্কিত ও পকেট তালিকা অবিলম্বে বাতিল করতে হবে।
ইউপি সদস্যদের দেওয়া মাঠপর্যায়ের সঠিক তালিকা পুনর্বহাল করতে হবে।
একই পরিবারের একাধিক নাম এবং ঢাকা-চট্টগ্রামে থাকা ব্যক্তিদের নাম বাদ দিয়ে প্রকৃত ও ক্ষতিগ্রস্ত কৃষকদের নাম তালিকায় যুক্ত করতে হবে।
মানববন্ধনে ইউনিয়নের বিপুল সংখ্যক সাধারণ কৃষক কৃষাণী উপস্থিত থেকে অবিলম্বে এই অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং তদন্ত সাপেক্ষে প্রকৃত কৃষকদের সরকারি সহায়তার আওতায় আনতে উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনরত কৃষকেরা।এবিষয়ে ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলের সাথে যোগাযোগ করলে তিনি বলেন কমিটির মাধ্যমে তালিকা প্রনয়ন করে বিতরণ করা হয়েছে যাঁরা মানববন্ধন করেছেন আমাকে সামাজিকভাবে হেয় করার ষড়যন্ত্র চলছে।


















