নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কোনো নেতাকর্মীকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে সহায়তা করলে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল।
সোমবার (২২ জুন) দুপুরে রাবি ছাত্রদল আয়োজিত বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে এ ঘোষণা দেন সংগঠনটির সভাপতি সুলতান আহমেদ রাহী।
এর আগে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পরিবহন চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় তারা ছাত্রলীগবিরোধী বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে সুলতান আহমেদ রাহী বলেন, আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো ক্যাম্পাস ও রাজশাহী জেলায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, নিষিদ্ধ সংগঠনের কোনো নেতাকর্মীকে কেউ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে সহায়তা করলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে তাকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।
সমাবেশে ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি শাকিলুর রহমান সোহাগ গত ১৬ বছরে গুম, খুন ও নির্যাতনের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান।
















