যশোর সংবাদদাতা :
যশোরে একটি প্রাইভেটকারে মধ্যে অভিযান চালিয়ে প্রায় পৌনে ৮ কোটি টাকা মূল্যের সাড়ে ৩ কেজি ওজনের ৩১ টি স্বর্ণের বার ও একটি প্রাইভেটকারসহ দুই পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ বডার গার্ড বিজিবির সদস্যরা।
শনিবার (২০ জুন) ভোর রাত আনুমানিক দুইটার দিকে যশোর-নড়াইল মহাসড়কে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের ১নম্বর গেইটের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাদের দুইজনকে আটক করা হয়।
পরে শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেপ্টেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
আটককৃত ব্যক্তিরা হলেন- নড়াইল জেলার নড়াগাতি থানার বাসিন্দা গ্রামের খন্দকার মাহাবুবুল হক এবং যশোর কোতয়ালী থানার বাসিন্দা মোহাম্মাদ আনিস।
তিনি আরও জানান, আটককৃতদের কাছ থেকে স্বর্ণ ছাড়াও ৫৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১টি প্রাইভেট কার, ৩৬ হাজার টাকা মূল্যের ৩টি মোবাইল এবং নগদ ৪ হাজার ৮১৫ টাকা জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণসহ সর্বমোট জব্দকৃত মালামালের বাজার মূল্য ৭ কোটি ৬৮ লাখ ৩৬ হাজার ২১০ টাকা।
আটককৃত আসামি ও জব্দকৃত স্বর্ণ যশোর কোতয়ালী থানার মাধ্যমে যশোর ট্রেজারিতে জমা ও আসামিদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান বিজিবির ঐ কর্মকর্তা।


















