মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা :
কুড়িগ্রামের রাজারহাটে রেললাইনের ওপর বালুভর্তি একটি ট্রাক উল্টে পড়ায় কুড়িগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
আকস্মিক এ ঘটনায় ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেসের শত শত যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। একই সঙ্গে রাজারহাট-তিস্তা সড়কে যান চলাচল ব্যাহত হওয়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরাও।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৭টা ১০ মিনিটের দিকে উপজেলার পেট্রোলপাম্প-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে ও স্থানীয় সূত্র জানায়, বালুভর্তি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উল্টে পড়ে। এতে রেলপথ সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে যায়। দুর্ঘটনার কারণে কুড়িগ্রাম এক্সপ্রেস কুড়িগ্রাম স্টেশনে পৌঁছাতে পারেনি। ফলে নির্ধারিত সময়ে স্টেশনে এসে বিপাকে পড়েন ঢাকাগামী যাত্রীরা।
রেলপথ বন্ধ হয়ে যাওয়ায় অনেক যাত্রী বিকল্প উপায়ে তিস্তা রেলওয়ে স্টেশনের উদ্দেশে রওনা দেন। কেউ সিএনজিচালিত অটোরিকশায়, কেউ ব্যাটারিচালিত অটোরিকশায়, আবার কেউ বাসে করে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন। এ সুযোগে অনেক যাত্রীকে অতিরিক্ত ভাড়াও গুনতে হয়েছে।
ঢাকাগামী যাত্রী নাসরিন বলেন, “স্টেশনে এসে জানতে পারি কুড়িগ্রাম এক্সপ্রেস আসবে না। পরে বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে তিস্তা স্টেশনের উদ্দেশে রওনা দিই। আমার মতো শত শত যাত্রী দুর্ভোগে পড়েছেন।”
তিস্তাগামী যাত্রী ছায়েদুল হক বলেন, “লালমনিরহাট এক্সপ্রেস ধরতে তিস্তা স্টেশনে যাওয়ার পথে সড়কেও ভোগান্তির মুখে পড়েছি। ঘুরপথে যেতে হচ্ছে। সময়মতো ট্রেন ধরতে পারব কি না, তা নিয়ে দুশ্চিন্তায় আছি। দুর্ঘটনার কারণে রাজারহাট-তিস্তা সড়কেও যান চলাচল ব্যাহত হয়। এতে কুড়িগ্রাম, উলিপুর ও রাজারহাট থেকে ঢাকা ও রংপুরগামী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনের ইনচার্জ কণিকা আক্তার জানান, রেললাইনের ওপর উল্টে পড়া ট্রাকটি সরানোর কাজ চলছে। তবে কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুততম সময়ের মধ্যে ট্রাকটি অপসারণ করে রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত যাত্রীদের দুর্ভোগ অব্যাহত থাকতে পারে।


















